পিটারসেন খেলবেন দক্ষিণ আফ্রিকায়?
আন্তর্জাতিক ক্রিকেটে কেভিন পিটারসেন ছিলেন ‘কাকের বাসায় কোকিলের ডিম’! জন্ম দক্ষিণ আফ্রিকায়, খেলেছেন ইংল্যান্ডের হয়ে। বিতর্কিত দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত এই ইংলিশ ব্যাটসম্যানের আন্তর্জাতিক ক্যারিয়ারটা থমকে গেছে বছর দুয়েক আগে। বিস্ফোরক ব্যাটিংয়ে বিশ্বকে বুঁদ করে রাখা কেপির ইংল্যান্ড-অধ্যায় শেষ হলেও ড্যারেন গফ একটা আশার রেখা এখনো দেখতে পাচ্ছেন। সাবেক ইংলিশ ফাস্ট বোলার মনে করেন, কেপি তাঁর ‘দ্বিতীয় অধ্যায়’টা শুরু করতে পারেন জন্মভূমি দক্ষিণ আফ্রিকার হয়ে।
কিন্তু সেখানেও ঝামেলা আছে। গুঞ্জন আছে, সাবেক প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথের সঙ্গে নাকি সম্পর্কটা ভালো নয় কেপির। গফ অবশ্য গুঞ্জনটা উড়িয়েই দিচ্ছেন, ‘যাঁরা মনে করেন স্মিথ তাকে ঘৃণা করে (তা নয়), আসলে দুজনে ঘনিষ্ঠ বন্ধু। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে তার যথেষ্ট কদর। যদি তারা তাকে খেলতে রাজি করাতে পারে (দক্ষিণ আফ্রিকার হয়ে), তাতে অবাক হব না।’ জি নিউজ।
দক্ষিণ আফ্রিকা চাইলেও কেপি খেলতে পারবেন কি না তা নিয়ে প্রশ্ন আছে। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো টেস্ট খেলুড়ে দেশের খেলোয়াড় আরেকটি দেশের হয়ে খেলতে চাইলে তাঁকে মাঝে চার বছরের বিরতি নিতে হবে। কেপি সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ২০১৪-এর জানুয়ারিতে। প্রোটিয়াদের হয়ে খেলতে চাইলে চার বছর পর কেপির বয়স হবে ৩৮। ‘বুড়ো’ হাড়ে কি তখন আর ভেলকি দেখানোর উপায় থাকবে তাঁর!