পিটারসেন যেন মধুসূদন দত্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার বদলে ইংল্যান্ডকে বেছে নেওয়াতে কি আক্ষেপ হচ্ছে কেপির! ফাইল ছবি
দক্ষিণ আফ্রিকার বদলে ইংল্যান্ডকে বেছে নেওয়াতে কি আক্ষেপ হচ্ছে কেপির! ফাইল ছবি

বঙ্গভান্ডারে বিবিধ রতন রেখে পরধন লোভে মত্ত অবোধ কবি বিদেশবিভূঁইয়ে গিয়েছিলেন। অনিদ্রা, অনাহার আর সুখ পরিহার করে মাইকেল মধুসূদন দত্তের উপলব্ধি ছিল, এ যে ভিক্ষাবৃত্তি! স্বপ্নে কূললক্ষ্মীর ডাক পেয়ে আবার তাই জন্মভূমে ফিরেছিলেন কবি। মধুসূদন পেরেছিলেন, কেভিন পিটারসেনের যে সেই উপায়ও নেই!
দক্ষিণ আফ্রিকায় জন্মেছেন। বেড়ে ওঠা, ক্রিকেটে হাতেখড়ি সেখানেই। কিন্তু দক্ষিণ আফ্রিকা নয়, পিটারসেন খেলেছেন ইংল্যান্ডের হয়ে। শুধু খেলেননি, ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী এই দেশটির সব ধরনের ক্রিকেট মিলিয়ে সর্বকালের সর্বোচ্চ রানের মালিকও হয়েছেন। গুচ-গাওয়ার-বয়টকদের ছাপিয়ে পিটারসেনই সবার ওপরে। তিন ধরনের ক্রিকেটে তাঁর রান ১৩ হাজার ৭৭৯। গ্রাহাম গুচের রান ১৩ হাজার ১৯০।
কিন্তু সেই পিটারসেনের এত দিন পর উপলব্ধি, নিজের দেশই ভালো ছিল। দক্ষিণ আফ্রিকার হয়েই খেলার চেষ্টা করা উচিত ছিল তাঁর। কারণ, দক্ষিণ আফ্রিকাই তাঁর প্রথম এবং আসল ঠিকানা!
অবশ্য ‘লোভে মত্ত’ হয়ে ঠিক নয়, পিটারসেন দক্ষিণ আফ্রিকা ছেড়েছিলেন দেশটির বর্ণ-কোটা পদ্ধতির ওপর ত্যক্তবিরক্ত হয়ে। ২০০০ সালে ইংল্যান্ডের কাউন্টি দল নটিংহামশায়ারের কোচ ক্লাইভ রাইস তাঁকে দলে ভেড়ান। তিনটি দুর্দান্ত মৌসুম এখানে কাটানোর পর ২০০৪ সালে শেন ওয়ার্নের অধিনায়কত্বে যোগ দেন হ্যামশায়ারে। সেই বছরই ইংল্যান্ড ওয়ানডে দলে অভিষেক। ২০০৫ সালে অভিষেক হয় টেস্ট দলে। সেটিও অ্যাশেজে! আর নিজের অভিষেক সিরিজে সিরিজ-সর্বোচ্চ ৪৭৩ রান আসে পিটারসেনের ব্যাট থেকেই। দীর্ঘ ১৮ বছর অপেক্ষার পর অ্যাশেজ জেতে ইংল্যান্ড।
রাতারাতি ‘ইংলিশ’ নায়ক বনে যান ‘প্রোটিয়া’ পিটারসেন। দ্রুত উত্থান হতে থাকে তাঁর। আশ্চর্য রকমের ধারাবাহিকও ছিলেন। কিন্তু কোচ পিটারমুরসের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর পর থেকেই সব ওলটপালট। এর সঙ্গে নিজের মনের কথা অকপটে বলে ফেলার অভ্যাস তো আছেই। টেস্টে আট হাজারের বেশি রান করা পিটারসেনের ব্যাপারে নানা দিক থেকে প্রশ্ন উঠতে থাকে। যে দলের কারণে নিজের নাড়ির টান অস্বীকার করেছিলেন, সেই দলের প্রতি তাঁর নিবেদন ও আত্মত্যাগ নিয়ে প্রশ্ন ওঠে। একসময় জাতীয় দল থেকে ছাঁটাইয়ের শিকারও হন।
সেই পিটারসেন নতুন আত্মজীবনী নিয়ে আসছেন আগামী বৃহস্পতিবার। তাতে বেশ কিছু বোমা তো থাকবেই। এরই আলামত পাওয়া যাচ্ছে। কারণ, এরই মধ্যে দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে যথেষ্ট বোমা তিনি ফাটিয়েছেনও। পিটারসেনের পক্ষে-বিপক্ষে শোরগোল উঠেছে ইংল্যান্ডে।
পিটারসেন এখন বলছেন, ‘দক্ষিণ আফ্রিকাকে সম্মান না জানানোটা ছিল আমার বড় একটা ভুল। দক্ষিণ আফ্রিকাকে প্রতিদান দিইনি, অথচ এই দেশটা আমাকে কী অসাধারণ ১৯টা বছর উপহার দিয়েছিল! আমি এখন উপলব্ধি করছি, দক্ষিণ আফ্রিকাই ছিল আমার প্রথম আর আসল ঠিকানা!’ সূত্র: ডন।