পিটারসেনকে নাসের হুসেনের সমর্থন

কেভিন পিটারসেনের আত্মজীবনী এখনো বাজারে আসেনি। কিন্তু এই বইয়ের প্রচারণার উদ্দেশ্যে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে তিনি যা বলেছেন, তাতেই আগুন ধরে গেছে ইংলিশ ক্রিকেটে। ইংল্যান্ড ক্রিকেট দলে ‘পীড়নের সংস্কৃতি’ নিয়ে তিনি যে মন্তব্য করেছেন, তাতে সমর্থন জানিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেন। তিনি জানিয়েছেন, পিটারসেনের সঙ্গে তিনি পুরোপুরি একমত। পিটারসেনের সঙ্গে কণ্ঠ মিলিয়ে তাঁর মন্তব্য, ‘ইংলিশ ক্রিকেট দলের টিম স্পিরিটের কী অবস্থা, পিটারসেনের সাক্ষাৎকারটি পড়লে সেটা খুব ভালোভাবে টের পাওয়া যাবে।’
হুসেন নিজে অধিনায়ক ছিলেন, ইংল্যান্ড ক্রিকেট দলের সাজঘর সংস্কৃতিটা তাঁর খুব ভালো জানা। আবহমান কাল থেকে চলে আসা সংস্কৃতির অনেক কিছুই রয়ে যায় পরম্পরায়। সেই অভিজ্ঞতা থেকেই হুসেনের মন্তব্য পুরোপুরিই পিচারসেনকে সমর্থন করে, ‘টিম স্পিরিটের ব্যাপারটা আমার জানা আছে। জেতার সময় সবাই আছে। হারের সময় সবাই আলাদা। শুরু হয়ে যায় দোষারোপের পালা।’
হুসেন বলেছেন, কোনো ভুলের জন্য চিৎকার করে অন্য খেলোয়াড়কে নাজেহাল করার ব্যাপারটি তাঁর সময়ও ছিল। এখনো আছে। আমি পিটারসেনের বক্তব্যেকে সত্য বলেই মেনে নিতে চাই।’
টিম স্পিরিট বলতে হুসেন বোঝেন সহ-খেলোয়াড়কে সম্মান করা। ইংলিশ দলে এই সংস্কৃতিটার খুব অভাব বলে মনে করেন সাবেক ইংলিশ অধিনায়ক, ‘কেভিন ও অন্য খেলোয়াড়দের সম্পর্কে কোনো সম্মানবোধ ছিল না। এটা ইংল্যান্ড ক্রিকেট দলের একটা সংস্কৃতি।’
পিটারসেন এখনো ইংল্যান্ডর হয়ে খেলার স্বপ্ন দেখেন—সাক্ষাৎকারে এই লাইনটি পড়ে নাকি নিজের মনেই হেসেছেন হুসেন। তিনি বলেছেন, সাক্ষাৎকারে বোমা ফাটিয়ে দেওয়ার পর আমি অন্তত পিটারসেনের ফেরার কোনো আশা দেখি না।’
পিটারসেনের কয়েকটি মন্তব্যে একমত হলেও তাঁর প্রতি সমালোচনাও আছে নাসের হুসেনের, ‘দেখুন, পিটারসেনের উচিত ছিল ক্রিকেট দিয়েই সব সমালোচনার জবাব দেওয়া। অধিনায়ক অ্যালিস্টার কুক ও ক্রিকেট বোর্ডকে পিটারসেন চাপে ফেলে দিতে পারত যদি তিনি তাঁর কাউন্টি দলের হয়ে রান করে যেত, সেটা না করে পিটারসেন ভুল করেছে বলেই মনে করি আমি।’
পিটারসেনের আত্মজীবনীতে অন্যতম ভিলেন চরিত্র গ্রায়েম সোয়ান নিজের প্রতিক্রিয়ায় ছিলেন বেশ নির্লিপ্তই। তবে গত অ্যাশেজ সিরিজের মাঝপথে অবসর নিয়ে ফেলা সোয়ান এ ব্যাপারে গোপন করেননি নিজের বিরক্তি, ‘আমি যখন জেনেছি পিটারসেন আত্মজীবনী লিখছে, তখনই বুঝতে পেরেছিলাম এটা খুব বড় ধরনের একটা কল্পগাথা হতে চলেছে। আমার ধারণা ঠিকই হয়েছে। দারুণ একটা কল্পগাথা রচনা করেছে পিটারসেন।'
পিটারসেনের দৃষ্টিতে ইংল্যান্ড দলের ‘আরেক ভিলেন’ ম্যাট প্রায়র কালই টুইটারে জানিয়ে দিয়েছেন, পিটারসেনের প্রতিটি কথার জবাবই তিনি যথাসময়ে দেবেন। তিনি কাল টুইটারে লিখেছিলেন, ‘পিটারসেন আমার সম্পর্কে কী বলেছে সেটা আমি জানি। আমি অচিরেই ওর প্রতিটি কথার জবাব দেব। তবে আজ নয়। টুইটার এসব কথার জবাব দেওয়ার জায়গা নয়।’
ইংল্যান্ড দলে পিটারসেনের টিমমেট ক্রিস ট্রেমলেট অবশ্য সমর্থন জানিয়েছেন পিটারসেনের প্রতিটি মন্তব্যকেই, ‘ভালো লাগছে যে কেভিন শেষ পর্যন্ত সত্য প্রকাশ করতে পারছে। ওর আত্মজীবনীটার মধ্য দিয়ে এখন অনুমান করতে পারবে ইংলিশ ক্রিকেট দলে আসলে কী ঘটে।’ সূত্র: এএফপি।