পিটারসেনকে সতীর্থদের পাটকেল

পিটারসেনের ব্যাট কম কথা বলেনি। কলমের আঁচড়েও যে তিনি কম যান না, তার প্রমাণ মিলেছে সদ্য প্রকাশিত আত্মজীবনীতেই। তবে ইটের জবাবে সতীর্থদের পাটকেল আসা শুরু হয়েছে।
পুরো ব্যাপারটিকেই ‘স্রেফ পাগলামি’ বলছেন অ্যান্ড্রু স্ট্রাউস, ‘এ মুহূর্তে যা হচ্ছে, তার পুরোটাই পাগলামি। চারদিকে শুধু গুজব, কটাক্ষ আর নানা মত। আমি সত্যের পক্ষে। আর সত্যটা হচ্ছে, এগুলো ইংল্যান্ড ক্রিকেটের জন্য মোটেও মঙ্গলজনক নয়।’
স্ট্রাউস তো তাও রয়েসয়ে বলেছেন, জিমি অ্যান্ডারসনের সোজাসাপ্টা কথা, ‘কারও বই নিয়ে কথা বলার চেয়েও আমাদের ঢের গুরুত্বপূর্ণ কাজ পড়ে আছে।’ এরপর যদিও বা কথা বলেছেন, সেসব চাঁছাছোলাই, ‘সে (পিটারসেন) কখনো ড্রেসিংরুমে নিজেকে তুলে ধরতে পারেনি, যেভাবে সে চেয়েছিল। কারণ ড্রেসিংরুমে থাকার সুযোগই সে হারিয়েছিল। এখন বই লিখে সেই হতাশা ঝাড়ছে।’ সাবেক সতীর্থ ম্যাথু হগার্ডও খোঁচা মারার সুযোগটা হাতছাড়া করেননি, ‘আমার মনে হয় সে এখন তার ক্ষোভ ঝাড়ছে। এবং ক্রিসমাসের আগে বইয়ের কাটতি বাড়ানোর এটি দারুণ পন্থা।’
পিটারসেনবিরোধীদের সবার মনের কথাই যেন বলে দিলেন পল কলিংউড, ‘সত্যি বলতে আমি কিছু বুঝতে পারছি না। গত ৭টি বছর ইংলিশ ক্রিকেটের জন্য দারুণ কেটেছে। কেপি ইংলিশ ক্রিকেটের জন্য দারুণ করেছে, কিন্তু ইংলিশ ক্রিকেটও কেপির জন্য কম করেনি। এটা সবার বিরুদ্ধে একজনের কথা—এমন একটি দলের বিপক্ষে এগুলো বলা হচ্ছে যারা তিনটি অ্যাশেজ জিতেছে, টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে, ভারতের মাটিতে ভারতকে হারিয়েছে। আপনি যদি তার কথামতো ভেবে থাকেন ইংল্যান্ডের ড্রেসিংরুম দ্বিধাবিভক্ত, তাহলে জেনে রাখুন এত কিছু অর্জন কোনোভাবেই সম্ভব হতো না।’
সতীর্থদের না পেলেও পিটারসেন পাশে পাচ্ছেন সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথকে। রিকি পন্টিংয়ের সঙ্গে সুর মিলিয়েছেন স্মিথও, ‘ওর বইয়ের কিছু অংশ আমি অবশ্যই বিশ্বাস করি। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের সময় আমরা প্রায়ই বলাবলি করতাম, যদি আমরা তাদের বিপক্ষে জিতি বা এগিয়ে যাই, তাহলে তারা একে অন্যের বিরুদ্ধে লেগে যাবে।’ এএফপি, রয়টার্স, দ্য গার্ডিয়ান।