আইপিএলের চুক্তি বাতিল করে কাউন্টিতে ফিরে এসেছেন সারের হয়ে খেলতে। লক্ষ্য অ্যাশেজে খেলা। তবে কেভিন পিটারসেন আশাবাদী হওয়ার মতো খুব বেশি কিছু শুনছেন না। ইসিবির ব্যবস্থাপনা পরিচালক পল ডাউনটাউন, নির্বাচক জেমস হুইটেকার, ইংল্যান্ড কোচ পিটার মুরস পিটারসেনের ফিরে আসার ‘সম্ভাবনা’ দেখছেন না। টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুকের কাছে তা ‘প্রায় অসম্ভব’। আর সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও সারের কোচ অ্যালেক স্টুয়ার্ট বলছেন, পিটারসেনের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ, ‘যদি ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ড আমাদের প্রত্যাশামতো জিততে থাকে, তাহলে কারও চোটে পড়তে হবে অথবা চরম ফর্মহীনতা লাগবে, একটি শূন্যস্থান তৈরি হতে।’ তবে সারের হয়ে খেলার সময় পিটারসেন এত কিছু ভাববেন না বলেও ধারণা ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলা সাবেক এই উইকেটকিপার ব্যাটসম্যানের, ‘কেভিন যা করতে পারে তা হলো রান করা। সে আমাদের তাই বলেছে, সে রান করবে এবং অপেক্ষা করবে, কী ঘটে তা দেখার জন্য।’ আচরণবিধি ভঙ্গের জন্য ২০১৩-১৪-এর অ্যাশেজের পর বরখাস্ত করা হয়েছিল পিটারসেনকে। তবে সারের হয়ে খেলার সময় তার আচরণে কোনো সমস্যা দেখেননি স্টুয়ার্ট, ‘সে আমাদের কাছে সোনার মতোই ভালো। যদি সে মন্দ কেউ হতো, তাহলে আমরা তাকে নিতাম না।’ এএফপি।