পিটারসেনের সহমর্মী ক্লার্ক

উল্টোটাই বরং হওয়ার কথা ছিল। কেভিন পিটারসেন খেলবেন না ইংল্যান্ডের হয়ে—অ্যাশেজ সিরিজের কথা মাথায় রেখে এতে তো খুশি হওয়ার কথা মাইকেল ক্লার্কের। কিন্তু তিনি যে অস্ট্রেলিয়ার অধিনায়ক! প্রতিপক্ষের শক্তি কমতে দেখে খুশি হওয়াটা কি তাঁকে মানায়! বরং যোগ্য প্রতিপক্ষের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে তো জয়ের আনন্দ বাড়ে আরও। হয়তো সেই ভাবনা থেকেই ক্লার্কের উপলব্ধি, পিটারসেন ছাড়া ইংল্যান্ড দল এতটা শক্তিশালী নয়। একই সঙ্গে দলে জায়গা না পাওয়ায় সহমর্মিতাও জানালেন ইংলিশ ব্যাটসম্যানকে।
মাঠে প্রতিপক্ষ হলেও মাঠের বাইরে ক্লার্ক আর পিটারসেনের সম্পর্কটা বেশ মধুর। বন্ধুর মতো। সেই বন্ধু ইংল্যান্ড দলে জায়গা না পাওয়ায় মিশ্র অনুভূতিই হচ্ছে ক্লার্কের, ‘আমার ভেতরে দুটি বিষয় কাজ করছে। একটি ব্যক্তিগত দিক। যেখানে তার সঙ্গে ভালো সম্পর্ক আমার। ফিরে এসে সে ইংল্যান্ড দলে খেলছে, এটা দেখতে ভালো লাগত আমার। তার ফর্ম অসাধারণ। এখনো দারুণ খেলোয়াড় সে। আমি জানি সে খেলতে চায়। এদিক দিয়ে তার অভাব অনুভব করি।’
পরে বলেছেন অনুভূতির অন্যদিকটাও, ‘আমরা শিগগিরই ইংল্যান্ডে খেলতে যাচ্ছি। পিটারসেনকে ছাড়া সেই দলটি আগের মতো শক্তিশালী থাকবে না। তার পরিসংখ্যানই এই কথা বলে। দীর্ঘদিন ধরেই সে অসাধারণ খেলে যাচ্ছে। ক্যারিয়ারের সেরা ফর্মে আছে সে।’
২০০৪ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের হয়ে অভিষেক হলেও পিটারসেনের উত্থান আসলে পরের বছর অ্যাশেজ দিয়েই। ক্যারিয়ারের প্রথম সেই অ্যাশেজ সিরিজে ৫ ম্যাচে ৫২.৫৫ গড়ে ৪৭৩ রান করেছিলেন পিটারসেন। তাঁর দলও সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। এবারও দুর্দান্ত ফর্মে আছেন। কয়েক দিন আগে কাউন্টিতে সারের হয়ে ট্রিপল সেঞ্চুরিও করেছেন। কিন্তু তারপরও দলে জায়গা হয়নি। এমন এক খেলোয়াড় প্রতিপক্ষ দলে থাকছেন না—অস্ট্রেলিয়ানদের জন্য সেটা তো স্বস্তি হয়েই আসার কথা। পিটারসেন থাকছেন না এটা নিশ্চিত হয়ে যাওয়ার পরই সেই স্বস্তির কথাটা জানিয়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার রায়ান হ্যারিস। তবে সেখানেও ছিল পিটারসেন-বন্দনা, ‘টেস্ট ক্রিকেটে যার গড় ৫০-এর মতো, তার বদলে যদি কম গড়ের কেউ খেলে তাহলে সেটা তো আমাদের জন্য ভালোই। আমি খুশি যে তার বিপক্ষে বল করতে হবে না।’
ইসিবির নতুন ক্রিকেট পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস অবশ্য পরিষ্কার করে দিয়েছেন, আপাতত তাঁদের পরিকল্পনায় পিটারসেন নেই। সেটা আরও স্পষ্ট হলো নিউজিল্যান্ড সফরের জন্য দল ঘোষণার পর পরশু লর্ডসে সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের ভবিষ্যৎ কোচ কে হতে পারেন সেই প্রশ্নের জবাবে। স্ট্রাউস আবারও স্পষ্ট জানিয়ে দিলেন, কোচ হিসেবে শুধু তাদেরই বিবেচনা করা হবে, যারা পিটারসেনের ব্যাপারে তাঁর অবস্থানের সঙ্গে একমত হতে পারবেন। ইংলিশ ক্রিকেটের ভবিষ্যৎ ভেবেই এটা করা হচ্ছে বলে জানান স্ট্রাউস, ‘যিনিই কোচ হিসেবে আসবেন তাঁকে ইংল্যান্ড দলের এই পরিস্থিতিটা বুঝতে হবে। তিনি যদি আমার দর্শনের সঙ্গে একমত হন তাহলে বুঝতে পারবেন দলের মধ্যে বিশ্বাস ব্যাপারটির গুরুত্ব কতটুকু, আর কেন আমরা পিটারসেনের ব্যাপারে এই সিদ্ধান্ত নিয়েছি।’
তাহলে কি পিটারসেন ও ইসিবির সম্পর্ক কোনো দিন জোড়া লাগবে না আর? এই প্রশ্নের জবাবে স্ট্রাউস এখনই ‘না’ বলতে রাজি নন। বরং দুই পক্ষকেই এর জন্য চেষ্টা করে যেতে হবে এবং উপায় খুঁজতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক। এএফপি, রয়টার্স।