পিটারসেন-দরদি ব্রড!
ইংল্যান্ড দলে তিনি ব্রাত্য অনেক দিন। খেলতে চেয়েছিলেন সফররত ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের হয়ে! সেই ইচ্ছেটাও পূরণ হচ্ছে না কেভিন পিটারসেনের। তবে এসবের মাঝে বিতর্কিতভাবে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে যাওয়া এই ইংলিশ ক্রিকেটারকে সহানুভূতি জানালেন তাঁর সাবেক সতীর্থ। পিটারসেনকে জাতীয় দল থেকে ছেঁটে ফেলা অপ্রয়োজনীয় ছিল বলে মনে করেন একসময় তাঁর ‘শত্রু’ বলে পরিচিত স্টুয়ার্ট ব্রড। পুরো ব্যাপারটা ইসিবি আরও ভালোভাবে সামলাতে পারত বলেও মনে করেন তিনি।
অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে পড়ায় বছর খানেক আগে ইংল্যান্ড দল থেকে বাদ পড়েন পিটারসেন। তাতেই কার্যত শেষ হয়ে যায় তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার। এরপর বেশ কয়েকবার আবারও দেশের হয়ে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন, কিন্তু পূরণ হয়নি সেই ইচ্ছে। ‘ফ্রিল্যান্স’ ক্রিকেটার হিসেবে খেলছেন বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েটি লিগে। এখন যেমন মেলবোর্ন স্টারসের হয়ে খেলছেন বিগ ব্যাশে। আগামী বুধবার ক্যানবেরায় অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে অনুশীলন ম্যাচ খেলবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে আসা ইংল্যান্ড। চোটের কারণে ছিটকে যাওয়া মাইক হাসির জায়গায় ওই ম্যাচে ইংলিশদের বিপক্ষে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন পিটারসেন। কিন্তু হাসির জায়গায় প্রধানমন্ত্রী একাদশে নেওয়া হয়েছে ক্রিস রজার্সকে। পিটারসেন একটু হতাশ, তবে এই হতাশা ভুলিয়ে দিতে পারে সাবেক ইংল্যান্ড সতীর্থ ব্রডের সহমর্মিতা। পিটারসেনকে জাতীয় দল থেকে বিতর্কিতভাবে ছেঁটে ফেলা প্রসঙ্গে ব্রড বলেছেন, ‘এটা কিছুটা সংবাদমাধ্যমে শোরগোলের ব্যাপার হয়ে গিয়েছিল। যার কোনো দরকারই ছিল না।’ পড়তি ফর্মের কারণে পিটারসেন এমনিতেই ইংল্যান্ড দলে জায়গা হারাতেন বলে মনে করেন ব্রড, ‘১৮ মাস ধরে ওর ফর্ম খুব খারাপ যাচ্ছিল। দেশের হয়ে খেলতে না পারা যেকোনো খেলোয়াড়ের জন্যই হতাশার, কেভিনও হতাশ হয়েছিল। কিন্তু ব্যাপারটা অন্যভাবেও সামলানো যেত।’ ক্রিকইনফো।