পিঠের ব্যথা নিয়ে মাঠ ছাড়লেন স্মিথ
মাঝে আর এক দিন। এর পরই অ্যাডিলেডে টেস্টে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় দিবারাত্রির টেস্টগুলো বরাবরই বোলারদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
শক্তিশালী ব্যাটিং লাইনআপ তাই খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এমন অবস্থায় বড় এক ধাক্কা খেল স্বাগতিক দল।
আজ মঙ্গলবার দলের অনুশীলন থেকে উঠে যান দলের মূল ব্যাটিং ভরসা স্টিভ স্মিথ। প্রাথমিকভাবে জানা গেছে, পিঠে ব্যথা অনুভব করায় মাঠ ছেড়েছেন তিনি।
কিছুদিন আগেও টেস্টসেরা ব্যাটসম্যানের লড়াইটা ছিল বিরাট কোহলি ও স্টিভ স্মিথের মধ্যে। এমনিতেই চার টেস্টের সিরিজের পরের তিনটিতে দেখা যাবে না কোহলিকে।
তাই এ দুজনের সরাসরি লড়াই দেখার একমাত্র উপলক্ষ ছিল অ্যাডিলেড টেস্ট। কিন্তু সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, আজ মাত্র ১০ মিনিট অনুশীলন করার পরই ড্রেসিংরুমে চলে যেতে হয়েছে স্মিথকে।
দলের অনুশীলনে গা গরম করতে নেমেছিলেন স্মিথ। কিন্তু পিঠে ব্যথা অনুভব করায় উঠে গেছেন সাবেক অধিনায়ক। পরে নেটে ব্যাটিং অনুশীলন করতেও নামেননি। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে আগামীকাল অনুশীলনের আগে স্মিথকে দেখার সম্ভাবনা নেই।
এক মুখপাত্রের বরাতে সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, অনুশীলনে নিচু হয়ে একটি বল নিতে গিয়ে পিঠে ব্যথা অনুভব করাতেই এমন বিপত্তি।
প্রথম টেস্টে এমনিতেই খেলা হচ্ছে না ডেভিড ওয়ার্নারের। টেস্ট র্যাঙ্কিংয়ে বিশ্বের ৬ নম্বর এই ব্যাটসম্যানের বদলে খেলার সম্ভাবনা জেগেছিল উইল পুকোভস্কির।
কিন্তু প্রস্তুতি ম্যাচে মাথায় বল লাগায় ছিটকে পড়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা এই ওপেনারও। সে ম্যাচেই মাথায় চোট পেয়েছিলেন ক্যামেরন গ্রিন।
তবে এই অলরাউন্ডার যদি চোট কাটিয়ে উঠতে পারেন, তাঁর অভিষেক নিশ্চিত বলেই জানিয়েছেন কোচ জাস্টিন ল্যাঙ্গার।
২০১৮–১৯ মৌসুমে ভারতের কাছে হেরে যাওয়ায় এবারের টেস্ট সিরিজ মর্যাদার লড়াই হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার জন্য। সেবার স্মিথ ও ওয়ার্নারকে ছাড়া খেলতে বাধ্য হওয়া অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে হেরে বসেছিল।
যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে প্রথম টেস্টে দুই বছর আগের স্মৃতি আবার ফিরে আসার দশা!