পিঠোপিঠি আবাহনী-কলাবাগান একাডেমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্টে তাঁর একটি উইকেট আছে, ২০১০ সালে মিরপুরে আউট করেছিলেন মহেন্দ্র সিং ধোনিকে। কাল লিস্ট ‘এ’ ম্যাচে প্রথম উইকেট পেলেন ‘লেগ স্পিনার’ রকিবুল হাসান। সতীর্থের অপ্রত্যাশিত সাফল্যে উৎফুল্ল ম্যাচের সেরা বোলার নাসিরও l প্রথম আলো
টেস্টে তাঁর একটি উইকেট আছে, ২০১০ সালে মিরপুরে আউট করেছিলেন মহেন্দ্র সিং ধোনিকে। কাল লিস্ট ‘এ’ ম্যাচে প্রথম উইকেট পেলেন ‘লেগ স্পিনার’ রকিবুল হাসান। সতীর্থের অপ্রত্যাশিত সাফল্যে উৎফুল্ল ম্যাচের সেরা বোলার নাসিরও l প্রথম আলো

আবাহনীর বিপক্ষে ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন আফতাব আহমেদ। তবে কুঁচকির চোটে ফুতল্লার ম্যাচে নামতেই পারেননি একসময়ের বিনোদনদায়ী এই ব্যাটসম্যান। আসন্ন জাতীয় লিগের কোনো একটি ম্যাচ দিয়ে এখন বিদায় নেবেন বলে ভাবছেন। তবে আফতাবের আনুষ্ঠানিক বিদায় বিলম্বিত হলেও সুপার লিগের দৌড় থেকে বিদায় প্রায় হয়েই গেছে তাঁর দল ব্রাদার্সের। কাল ব্রাদার্সকে হারিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানটা ধরে রেখেছে আবাহনী।
কলাবাগান ক্রীড়াচক্রের বিপক্ষে দারুণ এক জয়ে আবাহনীর সঙ্গে পয়েন্টে সমতা ধরে রেখেছে কলাবাগান ক্রিকেট একাডেমি। ৯ ম্যাচে সমান ১৪ পয়েন্ট নিয়ে রানরেটে তিনে একাডেমি। কালকের আরেক ম্যাচে ওল্ড ডিওএইচএসকে হারিয়ে সুপার সিক্সের লড়াইয়ে নিজেদের ধরে রেখেছে ভিক্টোরিয়া। ৯ ম্যাচের সব কটিতে হেরে তলানিতে ডিওএইচএস।
কালকের তিনটি ম্যাচই ছিল অল্প রানের। ফতুল্লায় কুয়াশার কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচ নেমে আসে ৪২ ওভারে। আবদুল মজিদকে নিয়ে আবাহনীকে উড়ন্ত সূচনা এনে দেন লিটন দাস। আগের ৮ ম্যাচে ৫ ফিফটি করা লিটন কাল অবশ্য ফিফটি ছুঁতে পারেননি, ৭ চারে ৪২ বলে করেছেন ৪০। ৮৯ বলে ৯৪ রানের উদ্বোধনী জুটিটি ভাঙার পর আচমকাই হুড়মুড় করে ভেঙে পড়ে আবাহনীর ইনিংস। ৩৯ রানের মধ্যে নেই ৬ উইকেট! মোহাম্মদ ইউনুস ফেরান দুই ওপেনারকে। খণ্ডকালীন লেগ স্পিনে ইংলিশ ক্রিকেটার জো ডেনলি নেন ৩ উইকেট, যার মধ্যে ছিল আবাহনী অধিনায়ক নাসির হোসেনের উইকেটও (২৬)। নয় ও দশে নেমে দুই বাঁহাতি স্পিনার সাকলাইন সজীব (২৬ বলে ৩১) ও নাজমুল অপু (২২) মিলে দলকে এনে দেন ১৯১ রান। এই দুই স্পিনার পরে বল হাতেও নিয়েছেন দুটি করে উইকেট। বোলিংয়ে লিগে নিয়মিত ভালো করা নাসির নিয়েছেন তিনটি। আবাহনীকে চ্যালেঞ্জও জানাতে পারেনি ব্রাদার্স, গুটিয়ে গেছে ১২২ রানে।
রেলিগেশন বাঁচাতে লড়তে থাকা কলাবাগান ক্রীড়াচক্র দারুণ এক সুযোগ পেয়েছিল মিরপুরে। ৮২ রানে ৫ উইকেট তুলে নিয়েছিল কলাবাগান একাডেমির। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের ছোঁয়ায় আত্মবিশ্বাসী সাব্বির দাঁড়িয়ে যান মেহেদি হাসানকে (৩১) নিয়ে। ষষ্ঠ উইকেটে দুজন গড়েন ৮২ রানের জুটি। বিপর্যয়ে নেমেও ৬৭ বলে ৭৩ রান করেছেন সাব্বির, রাজ্জাককে মিড উইকেট দিয়ে ওড়ানোর পরের বলেই চার মেরেছেন দারুণ এক কাভার ড্রাইভে। আরেক বাঁহাতি রকিবুলকে মিড উইকেট দিয়ে আছড়ে ফেলেছেন গ্যালারির দ্বিতীয় তলায়! দুই বাঁহাতি স্পিনার রাজ্জাক (৩/৪০) ও নাসুমের (৩/৩৬) দারুণ বোলিংয়ে তবু একাডেমিকে শেষ পর্যন্ত ২১৫ রানে আটকে রাখে ক্রীড়াচক্র। কিন্তু একাডেমির স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে জয়ের সম্ভাবনাই জাগাতে পারেনি তারা। বড় ভরসা শামসুর রহমান (১৫) আলসে এক শটে ফিরতি ক্যাচ দিয়েছেন বিশ্বনাথ হালদারের বাঁহাতি স্পিনে। দুই অফ স্পিনার ইমতিয়াজ (৩/২৪) ও মেহেদিও (২/১৯) বোলিং করেছেন দারুণ।
কুয়াশার কারণে বিকেএসপিতে ম্যাচ শুরু হয় সাড়ে ১১টায়, ম্যাচ ৩৪ ওভারের। জয়রাজ শেখ (২২) ও আহসানুল হক (৩৫) থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি। সাতে নেমে অধিনায়ক নিহাদুজ্জামান (৪৩ বলে ৫৪) দলকে এনে দেন ১৫৯ রানের পুঁজি। জবাবে মাহবুবুল করিম (৬৮) ও জসিমউদ্দিন (৪৪) উদ্বোধনী জুটিতে ১২৪ রান তুলেই নিশ্চিত করে দেন দলের জয়। পরে ইমরুল (১৭), মার্শালরা (৩) রান না পেলেও অনায়াসে জিতে যায় ভিক্টোরিয়া।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী-ব্রাদার্স
আবাহনী: ৪২ ওভারে ১৯১/৯ (লিটন ৪০, মজিদ ৩৭, সাকলাইন ৩১, নাসির ২৬, নাজমুল ২২; ডেনলি ৩/১৯, ইউনুস ২/৩১, আসিফ ২/৫১, অভিষেক ১/২, সাদাত ১/৪৩); ব্রাদার্স: ৪১.২ ওভারে ১২২ (অভিষেক ২৫, আসিফ ২১, ডেনলি ১৯; নাসির ৩/১৫, সাকলাইন ২/২০, নাজমুল ২/৩৫, রকিবুল ১/১)।
ফল: আবাহনী ৬৯ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: নাসির হোসেন
কলাবাগান ক্রীড়া চক্র-কলাবাগান একাডেমি
কলাবাগান একাডেমি: ৪৯.২ ওভারে ২১৫ (সাব্বির ৭৩, মেহেদি ৩১, মাহমুদুল ২১; নাসুম ৩/৩৬, রাজ্জাক ৩/৪০, জুপিটার ১/১৯, শাহাদাত ১/৩৮, রকিবুল ১/৩৮, ফরিদউদ্দিন ১/৪০); কলাবাগান ক্রীড়া চক্র: ৪৫.৪ ওভারে ১৭৮ (তাসামুল ৬০, নাসিরউদ্দিন ৩২, রাজ্জাক ২৪; ইমতিয়াজ ৩/২৪, মেহেদি ২/১৯, বিশ্বনাথ ২/৪১, শরীফ ১/২১, মাহমুদুল ১/৩৪)।
ফল: ক্রিকেট একাডেমি ৩৭ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: সাব্বির রহমান
ভিক্টোরিয়া-ওল্ড ডিওএইচএস
ওল্ড ডিওএইচএস: ৩৪ ওভারে ১৫৯/৬ (নিহাদুজ্জামান ৫৪*, আহসানুল ৩৫, জয়রাজ ২২, আবু হায়দার ২/২৬, মারজান ২/২৭, এনামুল ১/৩৪, কামরুল রাব্বি ১/৩৮); ভিক্টোরিয়া: ২৮.৩ ওভারে ১৬১/৪ (মাহবুবুল ৬৮, জসিমউদ্দিন ৪৪, ইমরুল ১৭; জয়রাজ ৪/১৪, রুবেল ১/৩৩)।
ফল: ভিক্টোরিয়া ৬ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: মাহবুবুল করিম