পিনাকের সেঞ্চুরি, সিরিজ বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিনাক ঘোষ: ১০৯ রান
পিনাক ঘোষ: ১০৯ রান

বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ। সুযোগ নিজেদের শেষবারের মতো বাজিয়ে দেখার। সেই সিরিজটাই হেলায় জিতে নিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথম ম্যাচের মতো কালও ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে ১৭১ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিল বাংলাদেশের যুবারা। ঢাকায় প্রথম যুব ওয়ানডেটা ২০ ওভারের মধ্যেই ৮ উইকেটে জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯।
পরপর দুই ম্যাচে একতরফা দুই জয়। একে কি বিশ্বকাপের জন্য আদর্শ প্রস্তুতি বলা যাবে? পিনাক ঘোষের অবশ্য এই আফসোস থাকার কথা নয়। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার যে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কালকের ম্যাচ দিয়েই ফর্মে ফিরলেন। গত জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার ডারবানে যুব ওয়ানডেতে ১৫০ রানের দারুণ এক ইনিংস খেলেই হারিয়ে গিয়েছিলেন ২০ জানুয়ারি ১৭-তে পা দিতে যাওয়া এই বাঁহাতি। এর পর সব ধরনের ক্রিকেটে ৯টি ইনিংস খেলেছেন। একটিতে ফিফটি। বাকি ৮ ইনিংস মিলিয়ে মোট রান ৮৩!
সেই পিনাক কাল এক ইনিংসেই করলেন ১০৯ রান। তাঁর ১৩৫ বল ও ৯ চারের ইনিংসটাই বড় রানের ভিত্তি গড়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে। পিনাক তৃতীয় উইকেটে ১৭৯ রান যোগ করেছেন নাজমুল হোসেনকে নিয়ে। ২৪ রানের মধ্যে দুজনই আউট হলেও শেষ দিকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ঝড়ে ২৯৯ রানে থামে বাংলাদেশের ইনিংস। মাত্র ২৬ বলে ৭ চার ও ১ ছক্কায় অপরাজিত ৫৪ করেছেন মিরাজ।
মাত্র ১ রানের জন্য তৃতীয়বারের মতো যুব ওয়ানডেতে ৩০০ রান পাওয়া হয়নি। তবে ম্যাচ শেষে এই আফসোস আর কে করেছে! পেসার-স্পিনাররা মিলিতভাবেই ধ্বংস করেছেন ক্যারিবীয়দের। ইনিংসের শেষ ওভার পর্যন্ত টিকেও মাত্র ১২৮ রান ওয়েস্ট ইন্ডিজ যুবাদের।
ম্যাচ শেষে ঘরের মাঠের বিশ্বকাপটাকে রাঙিয়ে তোলার আশাই ঝরেছে ম্যাচসেরা পিনাকের কণ্ঠে, ‘বিশ্বকাপের আগে রানে ফিরে ভালো লাগছে। নিজেদের মাঠে বিশ্বকাপ, আমাদের দলটাও ভারসাম্যপূর্ণ, আশা করছি এবার ভালো কিছুই হবে।’
একই মাঠে সিরিজের তৃতীয় ম্যাচটি আগামীকাল।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২৯৯/৫ (পিনাক ১০৯, নাজমুল ৭৯, মিরাজ ৫৪*, জয়রাজ ২১; জোসেফ ২/৫০, ম্যাকয় ১/২৭, পল ১/৬৬)। ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯: ৪৯.৩ ওভারে ১২৮ (পল ২৫, পোপ ২৩; সালেহ ৩/১৯, রানা ৩/৩৫, সাইফুদ্দিন ২/১৮, সাঈদ ১/২২, আরিফ ১/২২)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৭১ রানে জয়ী ।
ম্যান অব দ্য ম্যাচ: পিনাক ঘোষ।