পিসিবিকে ইমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান খান
ইমরান খান

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর পদত্যাগ করেছেন অধিনায়ক শহীদ আফ্রিদি ও কোচ ওয়াকার ইউনিস। বিলুপ্ত করা হয়েছে পিসিবির নির্বাচক কমিটি। এসবেই কি পাকিস্তান ক্রিকেটের সমাধান? ‘না’ বলছেন ইমরান খান। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়কের সাফ কথা, ‘কোচ আর নির্বাচকদের বদলে দিয়ে পাকিস্তানের ক্রিকেটের উন্নতি করা যাবে না।’
কীভাবে করা যাবে, সেটিও বলছেন ইমরান, ‘পাকিস্তান ক্রিকেটের মূল কাঠামোটা আগে ঠিক করতে হবে।’ দেশে ক্রিকেট মাঠের সংখ্যা বাড়ানোর তাগিদ দিয়ে ইমরান বলেছেন, ‘পাকিস্তানের জনসংখ্যা প্রায় ২০ কোটি। আর নিউজিল্যান্ডের ৩০ থেকে ৪০ লাখের মতো। কিন্তু আমাদের চেয়ে সেখানে মাঠ বেশি। আমাদের আরও মাঠ দরকার।’ গত মঙ্গলবার ইসলামাবাদে উঠতি ফাস্ট বোলারদের নিয়ে আয়োজিত এক ক্যাম্পে প্রশিক্ষণার্থীদের টোটকা দিয়েছেন ইমরান। সেখানেই তাগিদ দিয়েছেন পাকিস্তান ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়নের, ‘আজ যারা এখানে অংশ নিচ্ছে, তারা কখনো ক্লাব ক্রিকেট খেলেনি। এদের আমরা রাস্তা থেকে তুলে এনেছি। এদের মধ্যে চারজন বল করে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে। যথাযথ প্রশিক্ষণ দিলে তারা প্রথম শ্রেণির ক্রিকেট খেলবে, টেস্ট পর্যায়েও পাকিস্তান দলে খেলার সম্ভাবনা আছে এদের। এতেই বোঝা যায়, দেশে প্রতিভার অভাব নেই। আমাদের শুধু দরকার তাদের তুলে আনার জন্য যথাযথ ক্রিকেট-কাঠামোর।’ পাকপ্যাশনডটনেট।