পিসিবিকে মামলার হুমকি জামশেদের

পাকিস্তান সুপার লিগে স্পট ফিক্সিংয়ের অভিযোগ লেগেছে গায়ে। এমন অবস্থায় কোণঠাসা থাকার কথা যেকোনো খেলোয়াড়ের। কিন্তু নাসির জামশেদ যে অন্য ধাঁচের মানুষ। স্পট ফিক্সিং ইস্যুতে উল্টো পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিপক্ষে মামলা করতে চাইছেন এই ওপেনার!
এবারের পিএসএলের একদম শুরুতেই নিষিদ্ধ হন জামশেদ। খালিদ লতিফ, শারজিল খান ও তাঁকে সাময়িকভাবে নিষিদ্ধ করে পিসিবি। একই দিনে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) গ্রেপ্তার করে জামশেদকে। তখন চটজলদি জামিনে মুক্ত হলেও নিজেকে এখনো নিরপরাধ প্রমাণ করতে পারেননি। বরং পিসিবির চোখে ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিংয়ের মূল হোতা ভাবা হচ্ছে তাঁকে।
স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা না জানানোয় এর মধ্যেই এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বাঁহাতি পেসার মোহাম্মদ ইরফান। মোহাম্মদ নওয়াজকেও দুই মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে এ অভিযোগে। জামশেদ ও অন্য ওপেনারদের বিরুদ্ধে অভিযোগগুলো গুছিয়ে নিচ্ছে পিসিবি। এমন পরিস্থিতিতেই টুইটারে এক ভিডিও বার্তায় পিসিবিকে সতর্ক করে দিয়েছেন জামশেদ।
এই ওপেনারের বক্তব্য, তাঁকে ইচ্ছে করে ফাঁসাচ্ছে পিসিবি, ‘পিসিবি আমার সঙ্গে অন্যায় করছে। ওরা খেলোয়াড়দের চাপ দিচ্ছে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে। পিসিবির কাছে আবেদন, আমার গায়ে কালি লাগানোর চেয়ে আগে প্রমাণ জোগাড় করুক। সবার সামনে সে তথ্য-প্রমাণ দিক। পেশাদারি বিষয় বলেও তো কিছু আছে। এ বিষয়টা আমার ব্যক্তিগত জীবনও ক্ষতিগ্রস্ত করছে। আমার আইনজীবীর সঙ্গে কথা বলেছি এবং এ নিয়ে পিসিবিকে আদালতে নেওয়ার ব্যাপারেও চিন্তাভাবনা করছি আমরা।’
এমন পরিস্থিতিতেই জামশেদ ও শারজিলের মধ্যকার একটা গোপন অডিও বার্তা ফাঁস হয়েছে। যেখানে এ দুজনকে ব্যাটিংয়ের স্পনসরের প্রস্তাব নিয়ে কথা বলতে শোনা গেছে। তবে পিসিবির ধারণা, আসলে ছদ্মনাম ব্যবহার করে স্পট ফিক্সিংয়ের আলোচনাই করছিলেন এ দুজন।