পিসিবির আমন্ত্রণে বিসিবির 'না'
এ মাসের শেষ দিকে দুই টেস্টের সিরিজ খেলতে আসবে অস্ট্রেলিয়া দল। এরপর এ বছর আর কোনো আন্তর্জাতিক ব্যস্ততা নেই বাংলাদেশ দলের। তবে পিসিবির প্রস্তাবে বিসিবি সাড়া দিলে আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফি-মুশফিকদের ব্যস্ত থাকতে হতো ডিসেম্বরেও।
বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলার আগ্রহ প্রকাশ করেছে পিসিবি। ওই সময় আমিরাতে ভারতের বিপক্ষে খেলার কথা হলেও দুই দেশের সীমান্তে সাম্প্রতিক অস্থিরতার কারণে সেটি অনিশ্চিত হয়ে পড়েছে। মূলত সে কারণেই পিসিবি বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে চেয়েছিল। তবে একই সময়ে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএল হবে বলে বিসিবি প্রস্তাবটিতে সাড়া দিচ্ছে না। বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান নাঈমুর রহমান কাল মুঠোফোনে বলেছেন, ‘পিসিবির কাছ থেকে এ রকম একটা অনানুষ্ঠানিক প্রস্তাব এসেছে। তবে আমরা জানিয়েছি, বিপিএলের কারণে ওই সময় সিরিজ খেলা সম্ভব নয়। অন্য সময় হলে আমরা ভেবে দেখব।’