পিসিবির আরেক বোঝা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম । ছবি: সংগৃহীত
লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম । ছবি: সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘাড়ে চেপে বসেছে নতুন আরেক বোঝা। পিসিবিকে সরকারের কাছে ৬ কোটি পাকিস্তানি রুপি সম্পদ কর জমা দিতে বলেছে লাহোরের উচ্চ আদালত। গাদ্দাফি স্টেডিয়ামকে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করার কারণে এই কর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
১৯৫৯ সালে নির্মিত এই গাদ্দাফি স্টেডিয়ামেই পিসিবির কার্যালয় অবস্থিত। এটি পাকিস্তানের প্রধান ক্রিকেট ভ্যেনুও। ১৯৮৭ বিশ্বকাপের সেমিফাইনাল ও ১৯৯৬ বিশ্বকাপের ফাইনাল এই মাঠেই অনুষ্ঠিত হয়। আদালতের নির্দেশনার মুখে পিসিবিও পাল্টা একটি পিটিশন দায়ের করে দাবি করেছে যে গাদ্দাফি স্টেডিয়াম খেলার কাজেই ব্যবহৃত হয়ে আসছে। তাই এই কর আরোপের বিরোধিতা করেছে তারা। কিন্তু পাঞ্জাব সরকার অভিযোগ করেছে যে পিসিবি গাদ্দাফি স্টেডিয়ামে বিভিন্ন রকমের অফিস কার্যালয় এবং দোকান-পাট ভাড়া দিয়ে সেখান থেকে বিপুল পরিমাণ টাকা আয় করছে। এবং সেই টাকায় সরকারের অধিকার আছে।
সংক্ষিপ্ত এক আদেশে লাহোর আদালতের বিচারক ইবাদ-উর-রেহমান লোধি দ্রুততম সময়ের পিসিবিকে আরোপিত কর পরিশোধ করার আদেশ দিয়েছে। উল্লেখ্য যে, বাংলাদেশ সফরে আসার শর্ত হিসেবে পিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে ৩ লাখ ২৫ হাজার ডলার নিয়েছে। এবার পিসিবিকে একই রকম শর্ত দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট সংস্থা (জেডসিইউ)। পাকিস্তানে সফরে যেতে তাদের দেওয়া দুটো শর্তের একটি হচ্ছে সিরিজ থেকে পাওয়া লভ্যাংশের অর্ধেক দিয়ে দিতে হবে তাদের। সূত্রঃ পিটিআই