পিসিবির কাছে জানতে চাইবে বিসিবি
জুলাইয়ে যে পাকিস্তান বাংলাদেশে খেলতে আসছে না, সেটা এখনো বিসিবিকে আনুষ্ঠানিকভাবে জানায়নি পিসিবি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানতে চাইবে, হঠাৎ কেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত।
দুই দিন আগেই দুবাইয়ে আইসিসির বোর্ড সভায় পিসিবি সভাপতি শাহরিয়ার খানের সঙ্গে দেখা হয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসানের। তখনো সফর স্থগিত করা নিয়ে নাজমুলকে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি শাহরিয়ার। কাল বিসিবি সভাপতি বলেছেন, পিসিবির কাছে সফর স্থগিতের কারণ জানতে চাইবেন তাঁরা, ‘আমরা আমাদের খসড়া সূচিটা তাদের পাঠাব। তারা আনুষ্ঠানিকভাবে কী জানায়, সেটা আপনাদের জানাব। কেন আসছে না আমাদের তা জানা দরকার।’
আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসির ওয়ানডে র্যা ঙ্কিংয়ের সেরা আট দল সরাসরি খেলবে ২০১৯ বিশ্বকাপে। র্যা ঙ্কিংয়ে আটের নিচে নামার ঝুঁকি না নিতেই কি পাকিস্তান সফর স্থগিত করেছে? নাজমুল সরাসরি এটিকেই কারণ বলতে পারেন না, তবে এ নিয়ে তাঁর মনের মধ্যেও একটা সন্দেহ জাগে, ‘বাংলাদেশে এসে খেলতে এখন অনেকেই চিন্তা করবে। বিশ্বকাপে কোয়ালিফাই করতে নিশ্চিতভাবেই সেপ্টেম্বরের মধ্যে র্যা ঙ্কিংয়ে ভালো অবস্থানে থাকতে হবে। এসব তো এখন বিরাট ব্যাপার।’
জুলাইয়ে পাকিস্তান না এলেও আগস্টের শেষ দিকে অস্ট্রেলিয়ার দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসাটা নিশ্চিত। অস্ট্রেলিয়া বাংলাদেশে আসতে পারে ১৮ আগস্ট। তবে কালও সিরিজের চূড়ান্ত সূচি জানাতে পারেনি বিসিবি। নাজমুল শুধু সম্ভাব্য সূচিটাই বলেছেন, ‘ওরা আসবে ঈদের (ঈদুল আজহা) আগে। প্রথম টেস্টটা ঈদের ছুটি শুরু হওয়ার দু-এক দিন আগে শেষ হবে। দ্বিতীয় টেস্টটা শুরু হয়তো ঈদের তৃতীয় দিন থেকেই।’