পিসিবির তদন্তে আকরামের প্রশ্ন

যেকোনো টুর্নামেন্টে দল ব্যর্থ হলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তদন্ত কমিটি গঠন করে খুব দ্রুতই। এশিয়া কাপে বাংলাদেশ ও ভারতের কাছে হেরে বাদ পড়েছে পাকিস্তান। আর দলের ব্যর্থতার কারণ খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করেছে পিসিবি। তবে বোর্ডের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন সাবেক পাকিস্তান অধিনায়ক ওয়াসিম আকরাম। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এমন কমিটি গঠনের যুক্তি নিয়েই প্রশ্ন তুলেছেন কিংবদন্তি বাঁহাতি পেসার।
এক দিন পরই ভারতে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পাকিস্তানের বিশ্বকাপ শুরু হবে আরও ছয় দিন পর। আকরামের প্রশ্নটাও এখানে। দল যখন বিশ্বকাপ প্রস্তুতির মধ্যে আছে, সেখানে এই কমিটি গঠন করার যুক্তি খুঁজে পাচ্ছেন না ৪৯ বছর বয়সী সাবেক বাঁহাতি পেসার, ‘আমি বুঝতে পারছি না, জাতীয় দল যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে, সেখানে এমন তদন্ত কমিটি কেন গঠন করা হলো!’ এই কমিটি তাদের উজ্জীবিত না করে বরং আরও চাপে ফেলবে বলেই মনে করছেন আকরাম, ‘এশিয়া কাপের পারফরম্যান্স মূল্যায়নের জন্য এই সময় বেছে নেওয়ার বোর্ডের চিন্তাটার সঙ্গে আমি একমত নই। বিশ্বকাপ কদিন পরে। এর কোনো মানেই হয় না।’
দলের ব্যর্থতার জন্য সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদির। শুধু অধিনায়কত্বের কারণেই দলে টিকে আছেন, তাঁর অবসরে যাওয়া উচিত—এমন কথাও উঠছে। তবে আকরাম আগলে রাখছেন অধিনায়ককে, ‘আফ্রিদি ২০ বছর ধরে খেলছে। আমরা সবাই-ই তো ওকে চিনি, ওর পারফরম্যান্স সম্পর্কে জানি। এখনো দলকে নেতৃত্ব দেওয়ার জন্য ও-ই সবচেয়ে যোগ্য। তাকে শুধু সমর্থন করে যেতে হবে, তার পাশে দাঁড়াতে হবে।’
এশিয়া কাপ ছাড়াও কিছুদিন ধরেই টি-টোয়েন্টিতে পাকিস্তানের পারফরম্যান্স হতাশাজনক। সর্বশেষ ১০ ম্যাচে ছয়টিতেই হার। তবে সমালোচনা না করে বরং বিশ্বকাপে আফ্রিদিদের আরও সমর্থন দিতে দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন আকরাম। দীর্ঘস্থায়ী সমাধান হিসেবে দলের কোচিংয়ের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছেটা ব্যক্ত করেছেন বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা আকরাম, ‘সব সময়ই পাকিস্তান ক্রিকেটকে সেবা দিতে রাজি আছি। তবে আমাকে কাজ করার জন্য সময় দিতে হবে। শেষ মুহূর্তে বললে লাভ নেই। আমি সূচি মেনে কাজ করতে পছন্দ করি।’ পিটিআই।