পিসিবির প্রতিবাদে বিসিবির সতর্ক প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর করার কথা আগামী এপ্রিল-মেতে। তবে মাঠের লড়াইয়ের আকাশে অনিশ্চয়তার মেঘ জমছে সিরিজ নিয়ে বিসিবি ও পিসিবির কথার লড়াইয়ে। পিসিবি এই সফরের জন্য সিরিজের লভ্যাংশের ভাগ চাইলেও বিসিবি সেটা দেবে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। কাল সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তাঁর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে পিসিবি। শুধু তা-ই নয়, তাদের দাবি—এপ্রিল-মের এই সিরিজটা নাকি পাকিস্তানেরই হোম সিরিজ!
বাস্তবতার সঙ্গে বিসিবি সভাপতির বক্তব্যের কোনো মিল নেই বলে দাবি পিসিবির। তাদের বক্তব্য, ২০১১ সালে পাকিস্তান দল বাংলাদেশ সফর করে। দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী সেটার বিনিময়ে ২০১২ সালে বাংলাদেশ দলের পাকিস্তানে যাওয়ার কথা থাকলেও তারা যায়নি। কাজেই বিসিবির কাছে ওই সিরিজটি পাওনা আছে পিসিবির এবং এবারের দুই টেস্ট, তিন ওয়ানডে এবং এক টি-টোয়েন্টির সিরিজটিই সেই ‘বকেয়া’ সিরিজ।
পিসিবির দাবি, বাংলাদেশ যেহেতু পাকিস্তানেরই একটি সিরিজ আয়োজন করবে, আয়ের ভাগ তারা চাইতেই পারে। আসন্ন সিরিজটাকে ‘টেকনিক্যালি পাকিস্তানের হোম সিরিজ’ দাবি করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশের কাছে পিসিবির খরচের একটা অংশ চাওয়াটা ন্যায়সংগত।’
পিসিবির সংবাদ বিজ্ঞপ্তির প্রতিক্রিয়ায় পাল্টা ‘আক্রমণ’ না চালিয়ে বিসিবি এগোচ্ছে পরিস্থিতি বুঝে। প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর বক্তব্য, ‘পিসিবি যেহেতু সিরিজের ব্যাপারে তাদের অবস্থান আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আমরা আমাদের বোর্ডে বিষয়টা নিয়ে আলোচনা করেই এ ব্যাপারে পিসিবিকে আমাদের মতামত জানাব।’ অবশ্য নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক পরিচালক বেশ জোরালোভাবেই পিসিবির দাবির প্রতিবাদ জানালেন, ‘তারা ভুল কথা বলছে। নতুন নিয়মের এফটিপিতে ২০১২-এর আগের হিসাব-নিকাশ আসার সুযোগ নেই। ২০১২-এর আগের এফটিপির সব দেনা-পাওনা শেষ। এখন যা হওয়ার, বোর্ডগুলোর মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার ভিত্তিতে নতুন করে হচ্ছে।’
বিষয়টা নিয়ে পিসিবির সঙ্গে বিসিবির ফোন ও ই-মেইলে নিয়মিতই যোগাযোগ হচ্ছে বলে জানা গেছে বোর্ড সূত্রে। চেষ্টা চলছে বিসিবির সভাপতির কিছু কথায় সৃষ্ট বিভ্রান্তি দূর করারও।