পিসিবির ফিটনেস ক্যাম্পে আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ আমির
মোহাম্মদ আমির

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথে আরেকটি ধাপ এগিয়ে গেলেন মোহাম্মদ আমির। স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে নিষেধাজ্ঞা কাটানো ফাস্ট বোলারকে জাতীয় দলের ফিটনেস ক্যাম্পে ডেকেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২৬ ক্রিকেটারকে নিয়ে ফিটনেস ক্যাম্পটা করা হয়েছে আগামী মাসের নিউজিল্যান্ড সফর ও টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে।
আমিরের ওপর থেকে নিষেধাজ্ঞা পুরোপুরি উঠেছে গত সেপ্টেম্বরে। এরপর মাঠে ফিরে খুব দ্রুতই নিজেকে চিনিয়েছেন ২৩ বছর বয়সী ফাস্ট বোলার। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ভালো করার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) ভালো বল করেছেন আমির। এরপরই কাল ক্যাম্পে ডাক পেলেন।
ফিটনেস ক্যাম্পে ডাক পাওয়ার খবরে উল্লসিত আমির প্রতিজ্ঞা করেছেন জাতীয় দলে সুযোগ পেলে শতভাগ নিংড়ে দেওয়ার, ‘আমি কথা দিচ্ছি সবুজ ক্যাপ ও পাকিস্তানের জার্সির সম্মান ও মর্যাদা ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করব। চেষ্টা করব দেশকে সামর্থ্যের ১০০ ভাগ দেওয়ার।’
আগামী মাসে নিউজিল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। এরপর বাংলাদেশে এশিয়া কাপ খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে দলটি। এএফপি, ডন।