পিসিবির শর্ত অবাস্তব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এপ্রিলের বাংলাদেশ সফরে শর্ত জুড়ে দিয়েছে পিসিবি। বাংলাদেশে পাকিস্তান দল সিরিজ খেলতে আসবে, যদি বিসিবি তাদের শর্তে রাজি হয়। কিন্তু পিসিবির দেওয়া শর্তকে ‘অবাস্তব’ মনে করছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান নাঈমুর রহমান।
কিছুদিন আগে বিসিবিকে চিঠি দিয়ে পিসিবি জানিয়েছে, সিরিজের ৫০ শতাংশ লভ্যাংশ দিয়ে দিতে হবে তাদের। সঙ্গে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে ‘এ’ দল এবং অনূর্ধ্ব-১৯ দলের সফর বিনিময়েও। তাহলেই কেবল বাংলাদেশে সিরিজ খেলতে দল পাঠাবে পিসিবি। বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান নাঈমুর রহমান তাদের এই প্রস্তাবকে বলছেন অবাস্তব, ‘প্রথমত আমি মনে করি শর্ত দিয়ে কোনো সফর হয় না। এটা হতে হবে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে। আমি কখনো শুনিনি কোনো দেশে সিরিজ খেলতে যেতে অন্য কোনো দেশ সিরিজের লভ্যাংশ চেয়েছে। এটা বাস্তবসম্মত নয়।’
তবে নাঈমুর জানিয়েছেন, পিসিবি এই সিদ্ধান্তে অনড় থাকবে কিনা কিংবা বিসিবি তাদের শর্ত মানবে কি না, কিছুই এখনো চূড়ান্ত নয়। এটা নিয়ে বিসিবির পরিচালনা পর্ষদে যেমন আলোচনা চলছে, কথা হচ্ছে পিসিবির সঙ্গে বিসিবিরও। আজ দুবাইয়ে আইসিসির বোর্ড সভার পাশাপাশি এ নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা আছে দুই পক্ষে। ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান জানিয়েছেন, ‘বিসিবি ওনাদের কিছুটা ছাড় দিতে পারে আবার নাও দিতে পারে। আবার হয়তো দুটোর মাঝামাঝি কিছুও হতে পারে। তবে আমি আশাবাদী পাকিস্তান দল আসবে।’