পিসিবির শর্তে বিরক্ত নাজমুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবাইয়ের ভিসা পাননি বলে সশরীরে যোগ দিতে পারেননি আইসিসির সর্বশেষ সভায়। বিসিবি সভাপতি নাজমুল হাসানের বিকল্প হিসেবে যান সহসভাপতি মাহবুবুল আনাম। তবে সিঙ্গাপুর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশ নেন নাজমুলও। কিন্তু ভিডিও কনফারেন্স করে তো আর দ্বিপাক্ষিক সভা করা যায় না! এপ্রিলে পাকিস্তান দলের বাংলাদেশ সফর নিয়ে পিসিবি কর্মকর্তাদের সঙ্গে বিসিবি সভাপতির আলোচনাটা তাই হয়নি।
তবে বাংলাদেশ সফরের ব্যাপারে পিসিবির দেওয়া শর্তে নাজমুল হাসানকেও মনে হলো বিরক্ত। বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান নাঈমুর রহমান এর আগে যা বলেছেন, কাল বোর্ড সভাপতিও বললেন সেটাই, ‘এই প্রস্তাব বাস্তবসম্মত হওয়ার প্রশ্নই ওঠে না। এটা সত্য যে পাকিস্তানের এখানে এসে কোনো লাভ নেই। তাই বলে ক্রিকেট খেলায় সব সময় লাভ দেখলে তো হয় না। মনে হয় না বিসিবি এই শর্ত মানবে।’
নানা কারণে কয়েক বছর ধরেই বিসিবি-পিসিবি সম্পর্ক কিছুটা শীতল। এখন নতুন করে বিষয়টা মাথাচাড়া দিয়ে ওঠার ভিন্ন কারণও দেখছেন বোর্ড সভাপতি, ‘আমি মনে করি, কিছুদিন পর পর ওদের নতুন নতুন সভাপতি আসে, আর আসলেই এই সমস্যাটা হয়। নতুন সভাপতি এসেই দায়িত্ব নেয়, বাংলাদেশকে আনব।’
বিসিবি পিসিবিকে জানিয়েছে, তাদের কাছে বাংলাদেশ চারটি ওয়ানডে পায়। অন্যদিকে পিসিবির দাবি, তারা পর পর দুবার বাংলাদেশে জাতীয় দল পাঠিয়েছে। এবার বাংলাদেশের পালা। এ ব্যাপারে নাজমুল হাসানের বক্তব্য, ‘যাওয়া না-যাওয়া সম্পূর্ণ নির্ভর করছে নিরাপত্তার ওপর। নিরাপত্তার ব্যাপারে আমরা তেমন কোনো উন্নতি দেখছি না। পাকিস্তানে দল পাঠানোর মতো অবস্থা আমরা দেখছি না।’
বাংলাদেশ সফরের বিনিময়ে পিসিবি চায় বাংলাদেশ ‘এ’ দল বা অনূর্ধ্ব-১৯ দলের পাকিস্তান সফর। সঙ্গে এপ্রিলের সিরিজের আয়ের অর্ধেকও। বোর্ড সভাপতি অবশ্য জানিয়েছেন, পাকিস্তানে জাতীয় দলের বাইরে অন্য দল পাঠানো যায় কি না, সেটা ছিল বিসিবির চিন্তায়ও, ‘শেষবার যখন ওদের (পিসিবি) সঙ্গে কথা হয় তখন আমাদের হ্যান্ডবল দল ওখানে গিয়েছিল। তারা তখন আমাকে ধরল—সরকার যদি অন্য খেলাকে অনুমতি দেয় তবে ক্রিকেটকে কেন দেবে না! সরকার না, তোমরাই এটা আটকে রেখেছ। তখন আমরা বলেছিলাম, মহিলা বা অনূর্ধ্ব-১৯...এ রকম কোনো দল পাঠানো যায় কি না।’
তবে এপ্রিলের সিরিজের আয় থেকে যে ভাগ চাচ্ছে পিসিবি, সেটা দিতে রাজি নন নাজমুল হাসান। বড়জোর পাকিস্তানকে বিমানভাড়াটা দিতে পারেন, ‘যদি ওরা মনে করে, ওদের আসার জন্য যে পরিমাণ খরচ, বিমানভাড়াটা দিয়ে দিতে, তাহলে ভিন্ন ইস্যু। কিন্তু লাভের ভাগ দেওয়ার প্রশ্নই আসে না।’ বিসিবি সভাপতি অবশ্য নিজেই আবার বলেছেন, ‘এর আগে পাকিস্তান দল যখন এখানে এসেছে, তাদের নাকি কিছু টাকা দেওয়া হয়েছিল। এটা আমার কাছে নতুন তথ্য। এখন বের করতে হবে সেটা কী, কোন প্রক্রিয়ায় দেওয়া হয়েছে।’
আগামী বছরের আগস্টে বাংলাদেশ দল ভারত সফর করবে। সফরের একমাত্র টেস্টটি কলকাতার ইডেন গার্ডেনসে হওয়া মোটামুটি নিশ্চিত বলে জানিয়েছেন সভাপতি। তার আগে এ বছরের জুনে তিনটি ওয়ানডে আর একটি টেস্ট খেলতে ভারতীয় দলেরও আসার কথা বাংলাদেশে। বিসিবি নাকি এই সফরের সূচিতে কিছুটা রদবদল আনার কথা ভাবছে। ‘একটা টেস্ট ম্যাচ হবে নাকি আরও তিনটি ওয়ানডে হবে সেটা আমরা চিন্তা করছি। ভারতের সঙ্গে একটি টেস্ট খেলে আমাদের কী লাভ? তার চেয়ে তিনটি ওয়ানডে খেললে আমাদের লাভ। আমরা সেই প্রস্তাব দেব’—বলেছেন নাজমুল হাসান।