পিৎজায় হাত পাকাচ্ছেন ওয়াসিম

করোনার এই সময় ঘরবন্দী প্রায় সবাই। খেলোয়াড়েরা খেলাহীন এই সময়ে সময় কাটাচ্ছেন নিজেদের মতো করে। পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম খেলা অনেক আগে ছাড়লেও খেলার জগৎটা কখনোই ছাড়তে পারেননি। নিজেকে তৈরি করেছেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবে। করোনা-আতঙ্কে তিনিও এখন ঘরবন্দী, কাটাচ্ছেন কর্মহীন সময়।
করাচির ক্লিফটন অভিজাত এলাকায় তাঁর আবাস। কর্মহীন এই সময়টা একেবারে শুয়ে-বসে কাটাচ্ছেন না তিনি। স্ত্রী শানেরিয়া টম্পসনের মাধ্যমে জানা গেল, ওয়াসিম আকরাম বাড়ির হেঁশেলের দায়িত্বটা নিয়ে নিয়েছেন আনন্দের সঙ্গেই। ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা বাঁ হাতি ফাস্ট বোলার বাড়িতেই বসে বানাচ্ছেন মজাদার সব পিৎজা।
শানেরিয়া বাড়ির রান্নাঘরে স্বামী ওয়াসিমের একটা ছবি শেয়ার দিয়েছেন ইনস্টাগ্রামে। তিনি লিখেছেন, ‘৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার শক্তিশালী এক পাকিস্তানি পুরুষকে বাড়ির রান্নাঘরে দেখা গেছে রান্না করতে। এবং সে রান্নাটা দারুণ উপভোগ করছে।’
ওয়াসিম-পত্নী একই সঙ্গে লিখেছেন, ‘এই পোস্টটি উৎসাহ-ব্যঞ্জক হতে পারে, অনেকেই এটি দেখে সত্যি সত্যি অনুপ্রাণিত হতে পারে রান্নার ব্যাপারে। কিন্তু এখানে নজরদারি ও সার্বিক তত্ত্বাবধান করার ব্যাপারটি খুবই প্রয়োজন।’