পুনের পিচ কেলেঙ্কারি তদন্ত করছে আকসু

পুনে পিচ কেলেঙ্কারির তদন্তে সহায়তা করার জন্য আইসিসি দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিটের (আকসু) একটি দল পুনে পৌঁছেছে। ভবিষ্যতে মাঠ পরিচর্যাকারী ও পিচ কিউরেটরদের কার্যক্রম নিয়ন্ত্রণ করতে আইসিসির পদক্ষেপ নেওয়ার কথা রয়েছে।
ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে শুরু হওয়ার ঘণ্টাখানেক আগে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, পুনের পিচ কিউরেটর ও প্রধান মাঠ পরিচর্যাকারী পান্ডুরাং সালগাওনকারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় বিসিসিআই। ইন্ডিয়া টুডে টেলিভিশন নেটওয়ার্কের দুজন ছদ্মবেশী সাংবাদিকের কাছে পিচ-সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ে পিচ ও মাঠ পরিচর্যা কর্মীদের অসদাচরণের দ্বিতীয় ঘটনা এটি। এর আগে ২০১৬ সালের জানুয়ারি মাসে গল ক্রিকেট স্টেডিয়ামের কিউরেটর জয়ানন্দ ওয়ার্নাবীরাকে বরখাস্ত করে আকসু।
ভারত ও নিউজিল্যান্ড ক্রিকেট দলের সঙ্গে সফর করছেন আকসু কর্মকর্তা বীর সিং, যিনি তাৎক্ষণিক এই ঘটনার তদন্তকাজে নিয়োজিত হয়েছিলেন। দুবাই থেকে আসা সহকর্মীদের তিনি অগ্রগতি সম্পর্কে জানাবেন। এই তদন্তে বিসিসিআইয়ের দুর্নীতি দমন ইউনিটের কাউকে অন্তর্ভুক্ত করা হবে না। সালগাওনকার ছাড়াও ছদ্মবেশী দুই সাংবাদিকের সঙ্গে কথা বলতে পারে আকসুর দলটি।
ইন্ডিয়া টুডে টিভি দাবি করেছে সেই দুজন সাংবাদিকের সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর কথা বলেন সালগাওনকার, যদিও তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। সালগাওনকার তাঁদের বলেছিলেন পিচে অনেক রান থাকবে। তাঁর ভাষায়, ‘এটা খুবই ভালো পিচ। ৩৩৭ রান হতে পারে। এবং ৩৩৭ রান চেজ করাও সম্ভব।’ এই সময় ভিডিওটিতে বিসিসিআইয়ের মাঠ ও পিচ কমিটির সদস্য রমেশ মহোমঙ্কুরকে দেখা যায়। নিয়ম অনুসারে ম্যাচ শুরু হওয়ার আগে তাঁর প্রবেশাধিকার থাকার কথা নয়। ভিডিওতে সালগাওনকার স্বীকার করেছেন তিনিই রমেশকে মাঠে ঢুকতে দিয়েছিলেন।
মাঠের খেলায় আগে ব্যাট করে নিউজিল্যান্ড ২৩০ রান করে যা ভারত ৪ ওভার হাতে রেখেই টপকে যায়। সময়ের সঙ্গে সেই উইকেটে ব্যাট করা কঠিন হয়েছে। কানপুরে সিরিজ নির্ধারণী ম্যাচের আগে মাঠ পরিচর্যা কর্মী ও কিউরেটরদের সতর্ক করেছে বিসিসিআই। বোর্ডের একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘তাদের (মাঠ পরিচর্যা কর্মী ও কিউরেটর) আকসুর শিক্ষা প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা উচিত। তাদের জানতে হবে কার সঙ্গে কথা বলা উচিত হবে না। খেলোয়াড় ও মাঠকর্মীদের একই প্রটোকল মানা উচিত।’ সূত্র: ক্রিকইনফো।