
ম্যাচের প্রথম ইনিংসে বল শুধু উড়ছিল। উড়ছে খুলনা টাইটানসও। রাজশাহী কিংসকে ব্যাটে–বলে দুমড়ে–মুচড়ে ৬৮ রানের বিশাল জয় পেয়েছে খুলনা। খুলনার ২১৩ রানের জবাবে ১৪৫ রানে অলআউট হয়েছে রাজশাহী। এ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে চলে এসেছে খুলনা।
ম্যাচ আসলে রাজশাহী হেরে গেছে প্রথম ইনিংস শেষ হতেই। ৫ উইকেটে ২১৩ রানের পাহাড় গড়েছে খুলনা টাইটানস। বিপিএলের ইতিহাসে ২০০ রান তাড়া করা জেতার কোনো নজির নেই। এবারের বিপিএলেও তার অন্যথা হবে কেন? তা ছাড়া রাজশাহীর ব্যাটিং লাইনআপের পক্ষেও সম্ভব ছিল না ২০০ রান তোলা।
খুলনা রান-পাহাড়ে চড়েছে তরুণ শক্তিতে বলীয়ান হয়ে। ওপেনিংয়ে নামা নাজমুল হোসেন শান্ত, মিডল অর্ডারে আফিফ ও নিকোলাস পুরানের দ্যুতিময় ব্যাটিংই পথ দেখিয়েছে দলটিকে। ৫ চার ও ২ ছক্কায় ৪৯ রান করে শুরুটা করে দিয়েছেন নাজমুল। তাঁর দেখানো পথে হেঁটেছেন আফিফ ও পুরান। কেসরিক উইলিয়ামসকে লং অফে মারা ছক্কায় আফিফ শুরুতেই বুঝিয়ে দিয়েছেন দিনটি হতে যাচ্ছে তাঁর। শেষ পর্যন্ত ৫ ছক্কায় ৩৮ বলে ৫৪ রান করে অপরাজিত ছিলেন আফিফ।
আফিফের অন্য প্রান্তে ঝড় তুলেছেন পুরান। ৬ চার ও ৩ ছক্কায় ২৬ বলে ৫৭ রান করে পুরান আউট হতেই নেমেছেন কার্লোস ব্রাফেট। ১৪ বলে ৩৪ রানে ব্রাফেটই দলকে দুই শ পার করে দিয়েছেন।
এ রান তাড়া করা এমনিতেই কঠিন ছিল। সেটাকে অসম্ভব করে দিয়েছেন শফিউল। নিজের প্রথম ওভারেই দুই ওপেনারকে ফিরিয়ে দিয়েছেন। দ্বিতীয় স্পেলে এসে টানা দুই বলে ড্যারেন স্যামি ও মুশফিকুরকে আউট করে রাজশাহীর ইনিংসের বাকিটা অর্থহীন করে দিয়েছেন। নিজের শেষ ওভারে এসে মোহাম্মদ সামিকে তুলে নিয়ে পঞ্চম উইকেটটাও বুঝে নিয়েছেন। ২৬ রানে ৫ উইকেট নেওয়া শফিউলের এমন বোলিংয়ের মাঝে শুধু রনি তালুকদার (৩৬) ও মেহেদী হাসান মিরাজই (২৯) একটু লড়েছেন। কিন্তু ২৩ বলের এ দুটি ইনিংস ব্যবধানটা শুধু ৬৮-তে কমিয়ে আনতে পেরেছে।
আর মাহমুদউল্লাহ তাঁর নেতৃত্বের চমক দেখিয়েই চলেছেন। এবার শিরোপার বড় দাবিদার খুলনা।