পুরো গতিতে তাসকিন

‘এ’ দলের ভারত সফর থেকে সাইড স্ট্রেইন নিয়ে দেশে ফিরে আসতে হয়েছিল। অস্ট্রেলিয়া সিরিজটা হলে হয়তো বসে থাকতেন মাঠের বাইরে। হতাশার সে পর্ব কাটিয়ে আবারও আলোর দ্যুতি ছড়াতে শুরু করেছেন তাসকিন আহমেদ। চোট কাটিয়ে ফিরে পেয়েছেন বোলিংয়ের পূর্ণ গতি।
আজ জাতীয় দলের সঙ্গে জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি শুরু করলেও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গত পাঁচ দিন ধরেই বোলিং অনুশীলন করছেন তাসকিন আহমেদ। তবে পুরো গতিতে বল করছেন দুদিন হলো। এই দুই দিনের বোলিংয়ে সন্তুষ্ট তো বটেই, আত্মবিশ্বাসটাও যেন ফিরে এসেছে অনেক। মিরপুরে অনুশীলন শেষে তাসকিনের কথায় সে আত্মবিশ্বাসেরই ঝলকানি, ‘এখন আর সমস্যা নেই। কালকের পর আজও পুরো শক্তিতে বল করেছি। কোনো সমস্যা হয়নি। আশা করছি সামনেও সমস্যা হবে না।’
পর পর দুদিন পুরো গতিতে বল করেও শরীরে কোনো ব্যথা অনুভব করেননি, যেতে হয়নি ফিজিওর কাছে-তাসকিনকে বেশি আশাবাদী করছে এটাই, ‘আজকে বোলিং করে বুঝলাম, পুরো গতিই আছে। সব ঠিকঠাক। বোলিং করে কোনো অভিযোগ করিনি ফিজিওর কাছে। আর দু-এক দিন এভাবে বল করতে পারলে আত্মবিশ্বাসটা পুরোপুরিই ফিরে পাব।’
জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে ফিটনেস, স্কিল সবকিছু নিয়েই কাজ করছেন তাসকিন। ফিজিও-ট্রেনারদের দেওয়া নতুন নতুন কাজ আর পেস বোলিং কোচ হিথ স্ট্রিকের পরামর্শ, সবকিছু মিলিয়েই চলছে তাসকিনের গতির ঝড় তোলার প্রস্তুতি।