পুরো নেতৃত্বই দেওয়া উচিত কোহলিকে?

বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল ভারতের কোহলি-অধ্যায়। ২২ বছর পর লঙ্কা-জয়ের পর এখন বিরাট কোহলির নেতৃত্ব নিয়ে অনেকের মুখেই প্রশংসা। তবে কোহলির নেতৃত্ব সীমাবদ্ধ কেবল সাদা পোশাকেই। জ্যাক ক্যালিস মনে করেন, ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণেও ভারতের নেতৃত্ব তুলে দেওয়া উচিত এ ব্যাটিং সেনসেশনের হাতে।
গত অস্ট্রেলিয়া সফরে দুটো টেস্ট মাঠ সামলেছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে। মোট ছয় টেস্টে নেতৃত্ব দিয়ে কোহলি জিতেছে দুটিতে। দুটি ম্যাচ ড্র আর দুটিতে হার। ওয়ানডেতে ভারতের অধিনায়কত্বের ভার এখনো মহেন্দ্র সিং ধোনির কাঁধে। ধোনির চোট, বিশ্রামের ফাঁকে যে ১৭টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন কোহলি, রেকর্ডটা বেশ উজ্জ্বল। ১৭টির ১৪টি জিতেছেন, হেরেছেন তিনটিতে। টি-টোয়েন্টিতে অবশ্য এখনো মাঠ সামলানোর অভিজ্ঞতা হয়নি কোহলির।
আক্রমণাত্মক মানসিকতা, সতীর্থদের কাছ থেকে সেরাটা বের করা এবং মাঠে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার গুণাবলির কারণে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার ক্যালিস মনে করেন, ক্রিকেটের সব সংস্করণেই ধোনির কাছ থেকে ব্যাটন কোহলির হাতে তুলে দেওয়া উচিত, ‘তিন সংস্করণেই বিরাটের নেতৃত্ব দেওয়ার সামর্থ্য রয়েছে। এক সময় না এক সময় তাঁকে এমএসের (ধোনি) কাছ থেকে দায়িত্ব বুঝে নিতেই হবে। সময়ই বলে দেবে এ পরিবর্তন কাজে দেবে নাকি বিফলে যাবে। সে এমনই খেলোয়াড়, চাপকে জয় করে এসেছে। কাজেই বিরাট সঠিক পছন্দ। তাকে দিয়ে একটি চেষ্টা করা উচিত।’
তিন সংস্করণে অধিনায়কত্ব দিলে কোহলির ফর্মে চাপ পড়বে না? ক্যালিস অবশ্য তা মনে করেন না, ‘মোটেও না। বিরাট দুর্দান্ত এক ব্যাটসম্যান। সে চাপ সামলাতে জানে। যে কোনো পরিস্থিতি সামলাতে সে তৈরি।’ তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।