পুরোদমে নেটে তামিম
টুকটাক ব্যাটিং করছিলেন অস্ত্রোপচার করে দেশে ফেরার পর থেকেই। নেটে, নেটের বাইরে হালকা ‘নক’, শুধুই সামনের পায়ে। তবে কাল থেকে নেটে পুরোদমে ব্যাটিং শুরু করেছেন তামিম ইকবাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল বোলিং মেশিনে সাধারণ সময়ের মতোই দ্রুতগতির বল খেলেছেন এই ওপেনার। নিজেই জানালেন, কোনো অস্বস্তি অনুভব করেননি ব্যাটিংয়ে।
মাঠে ফেরার পথে এটি বড় এক পদক্ষেপ। তবে তামিম নিজেই জানালেন আজ তাঁর আরেকটি বড় পরীক্ষা, ‘ব্যাটিংয়ে কোনো সমস্যা হয়নি। কোনো ব্যথা বা অস্বস্তি অনুভব করিনি। তবে হাঁটুর সত্যিকার অবস্থা বোঝা যাবে আসলে স্প্রিন্ট শুরু করার পর। আগামীকাল (আজ) ১২ চক্কর দৌড়াতে হবে মাঠে, অবস্থা কিছুটা বোঝা যাবে তাতে। স্প্রিন্ট শুরু করব অস্ট্রেলিয়ায় গিয়ে।’
গত ২৯ ডিসেম্বর মেলবোর্নে হাঁটুতে অস্ত্রোপচার করা হয় তামিমের। বিশ্বকাপ খেলতে দল দেশ ছাড়বে আজ রাতে। তবে তামিম যাচ্ছেন আগামীকাল।