পুরোনো ধাঁচে খেলাই পাকিস্তানের দুর্দশার কারণ

জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধবলধোলাই, বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়, এপ্রিলে বাংলাদেশের কাছে ‘বাংলাওয়াশ’—একের পর এক লজ্জার মুখোমুখি পাকিস্তান দল। কদিন আগেও ছিল চ্যাম্পিয়নস ট্রফিতে না খেলতে পারার শঙ্কা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে সে সংশয় কেটেছে। কিন্তু এ বছর সামগ্রিক পরিসংখ্যানটা পাকিস্তানের জন্য হতাশার।
এ বছর ২০ ওয়ানডের ১১টিতে হেরেছে পাকিস্তান, জয় নয়টিতে। দলের এ দুর্দশার কারণ হিসেবে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান দায়ী করছেন পুরোনো ধাঁচে খেলা, ‘দলের এ দুর্দশার কারণ বললে প্রথমত বলতে হবে, এ সময়ে খেলাটা এগিয়েছে অনেক খানি। আর আমরা খেলছি সেই আশি-নব্বইয়ের দশকের ধাঁচে। দ্বিতীয়ত, আমরা পর্যাপ্ত তরুণ খেলোয়াড় তৈরি করতে পারিনি।’
দলে শোয়েব মালিক ও মোহাম্মদ সামির মতো সিনিয়র খেলোয়াড়েরা ফিরেছেন। ফেরার অপেক্ষায় সোহেল তানভীর, তৌফিক উমর ও নাসির জামশেদের মতো কয়েকজন খেলোয়াড়ের। শাহরিয়ার দাবি, তাঁরা কোচ ওয়াকার ইউনিস ও অধিনায়ক মিসবাহ-উল-হকের পরিচিত। তবে সোহেল-তৌফিকদের জন্য জাতীয় দলের দরজাটা সহজেই খুলছে না, স্পষ্ট শাহরিয়ারের পরের মন্তব্যে, ‘তাদের দলে নেওয়া হলে আমি বাঁধা হয়ে দাঁড়াব। আমি একেবারে আমার সিদ্ধান্তটাই নেব।’ তথ্যসূত্র: ডন।