পুরোনো শিক্ষা নিয়ে ফিরল 'এ' দল
দীর্ঘ পরিসরের ক্রিকেটে আরও মনোযোগী হতে হবে। বেশি বেশি করে চার দিনের ম্যাচ খেলতে হবে—সবই পুরোনো শিক্ষা। ভারত সফর শেষে কাল দুপুরে ঢাকায় ফেরা ‘হাইপ্রোফাইল’ বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গী হয়েছে এসবই।
সফরে ভারত ‘এ’ দলের বিপক্ষে তিনটি এক দিনের ম্যাচের সিরিজের দ্বিতীয়টি জিতেছে মুমিনুল হকের দল। হেরেছে রঞ্জি চ্যাম্পিয়ন কর্নাটক ও ভারত ‘এ’র বিপক্ষে দুটি তিন দিনের ম্যাচেই। দেশে ফিরে প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব করতে গিয়ে অধিনায়ক মুমিনুল বলেছেন, ‘ওয়ানডে ম্যাচে আমরা ভালো খেলেছি। নাসির, লিটন, সাব্বির খুব ভালো ব্যাটিং করেছে। কিন্তু তিন দিনের ম্যাচগুলোতে হাতে গোনা দু-একজন ছাড়া কেউ ভালো করতে পারিনি। সামনে অনেক খেলা। তার আগে ভুল-ত্রুটিগুলো কাটিয়ে উঠতে হবে। টেস্ট কীভাবে খেলতে হয় সে বিষয়গুলোতে আরও উন্নতি করা দরকার।’
একই মত দলের সঙ্গে ম্যানেজার হিসেবে যাওয়া প্রধান নির্বাচক ফারুক আহমেদের, ‘দীর্ঘ পরিসরের ক্রিকেট নিয়ে আমাদের আরও বেশি কাজ করতে হবে। তাহলেই এ ধরনের ক্রিকেটে আমরা আরও ভালো করতে পারব। প্রতিটি ম্যাচেই আমাদের টপ অর্ডার ব্যর্থ হয়েছে। উইকেট হারিয়ে শুরুতেই ব্যাকফুটে চলে গেলে ম্যাচে টিকে থাকা অনেক কঠিন হয়ে যায়।’