পুরো কৃতিত্বই বাংলাদেশের, বললেন মিসবাহ

পাকিস্তান যখন ওয়ানডে সিরিজে বাংলাওয়াশের শিকার হলো, টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি তখন জানালেন, তাঁদের ওয়ানডের চেয়ে টি-টোয়েন্টি দল বেশি শক্তিশালী। ফল? স্রেফ উড়ে গেল আফ্রিদির ‘শক্তিশালী’ দল। খুলনা টেস্টের আগে ক্রিকেটের বড় দৈর্ঘ্যের পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হকের কণ্ঠেও ছিল একই সুর।
সিরিজ মাঝপথে। এখনই মূল্যায়নের উপায় নেই। তবে খুলনা টেস্টে যেভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়াল, লড়াই করল; কেবল মিসবাহ কেন, মুগ্ধ হতে বাধ্য যেকোনো ক্রিকেটপ্রেমীই। পাকিস্তান অধিনায়ক তাই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বললেন, ‘প্রায় তিনশ রানের লিড পাওয়ার পর আমরা তাদের চাপের মুখে রাখতে চেয়েছিলাম। সব কৃতিত্ব বাংলাদেশের। তাঁরা ম্যাচ বাঁচিয়েছে। বিশেষ করে তাদের উদ্বোধনী জুটি। ওই জুটিই ম্যাচ বদলে দিয়েছে।’
তামিম ইকবাল-ইমরুল কায়েসের ব্যাটিং এতটাই দুর্দান্ত হয়েছে, মুগ্ধতার ঘোরই কাটছে না মিসবাহর। সংবাদ সম্মেলনে এসে পাকিস্তান অধিনায়ক বললেন, ‘দুই ওপেনারের অসাধারণ চেষ্টা ছিল। তাঁরা তাঁদের সুযোগ নিয়েছেন। দীর্ঘক্ষণ ফিল্ডিংয়ের পর দুটো অসাধারণ ইনিংস। আমাদের ভীষণ অবাক করেছে...।’
প্রায় তিন শ রানের লিডের পরও ম্যাচের এমন ফলে হতাশায় পোড়াটাই স্বাভাবিক। তবে সে হতাশা লুকাতেই চাইলেন মিসবাহ। বাস্তবতা মেনে বললেন, ‘হতাশার কিছু নেই। যদি প্রতিপক্ষ দারুণ খেলে, সেটা আপনাকে মেনে নিতে হবে। দল যথেষ্ট চেষ্টা করেছে। তবুও তাদের প্রশংসা করতেই হবে।’