পুরোনো 'শত্রু' ঠেকাতে সতর্ক শফিউল

স্বপ্নের মতো একটা দিন গেল শফিউল ইসলামের। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুশফিকুর রহিম ও তামিম ইকবালের নেতৃত্বে দুই ভাগ হয়ে তিন দিনের মতো প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ দলের খেলোয়াড়েরা। শফিউলের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের আজ প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে তামিমের সবুজ দল।
শফিউলের তোপে ৮ রানে ৩ উইকেট হারিয়েছিল মুশফিকের লাল দল। নাজমুল হোসেনের ৫৩ রানে ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল তারা। কিন্তু সবুজ দলের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে সেটি আর সম্ভব হয়নি। ৪৭.১ ওভারে ৯ উইকেটে ১৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে লাল দল। শফিউল তুলে নেন ১৭ রানে ৫ উইকেট। ১ উইকেটে ৪৯ রান তুলে দিন শেষ করেছে সবুজ দল।
ম্যাচ শেষে দুর্দান্ত বোলিংয়ের রহস্য উন্মোচন করলেন শফিউল, ‘নতুন বলে কাজ করছি। সেটা কাজে লেগেছে। নতুন বলে একটু সহায়তা তো পাওয়া যায়। নতুন বলটা ব্যবহার করতে চেয়েছি। উইকেটে একটু ঘাস ছিল।’
অসাধারণ এই বোলিংয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে একাদশে সুযোগ পাওয়ার স্বপ্ন দেখতেই পারেন শফিউল। কিন্তু ২৭ বছর বয়সী পেসারের সামনে পুরোনো ‘শত্রু’টা না আবার ফিরে আসে! নাম নিশ্চয়ই জানেন—চোট। যখনই সামনে এগোনোর স্বপ্ন দেখেন শফিউল, আততায়ীর মতো হানা দেয় চোট। সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছর অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে, চট্টগ্রামে। ইংলিশদের বিপক্ষে ঢাকা টেস্টে বাদ পড়ার পর বিপিএলে দুর্দান্ত খেলে যখন নিউজিল্যান্ড সফরের স্বপ্ন দেখেছেন, তখনই চোটাঘাত।
আবারও চোট যাতে বাধা না হয়ে দাঁড়ায় সেটি নিয়ে ভীষণ সতর্ক শফিউল, ‘নিজের কাছে ভালো লাগছে। ভবিষ্যতে কী হবে জানি না। ফিটনেস নিয়ে কাজ করে যাচ্ছি। যাতে সামনে সব ঠিকঠাক থাকে।’