পুলিশি জেরায় রেগে গেলেন কেয়ার্নস
অভিযোগের তিরগুলো সব তাঁর দিকেই ধেয়ে আসছে। সাক্ষীদের সব সাক্ষ্য যাচ্ছে তাঁর বিরুদ্ধেই। ম্যাচ পাতানোর অভিযোগ থেকে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ক্রিস কেয়ার্নসের মুক্তির সম্ভাবনা দিনে দিনে কমছে। নিজেকে বাঁচাতে মরিয়া কেয়ার্নস এবার এক সাক্ষীর বক্তব্য শুনে খেপেই গেলেন। মেজাজ হারিয়ে যা-তা গালাগালও করেছেন।
না, কেয়ার্নস সরাসরি আদালতে কিছু করেননি। সাবেক কিউই ক্রিকেটার মেজাজ হারিয়েছিলেন পুলিশের কাছে বক্তব্য দেওয়ার সময়। ম্যাচ পাতানোয় জড়িয়ে নিষিদ্ধ হওয়া লু ভিনসেন্টের সাবেক স্ত্রী রাইলির আদালতে দেওয়া সাক্ষ্যের অডিও টেপ শোনানো হয়। রাইলি বলেছেন, ২০০৮ সালে ম্যানচেস্টারের এক নাইট ক্লাবে ভিনসেন্টকে অভয় দিয়ে কেয়ার্নস বলেন, ‘ভারতে সবাই’ ম্যাচ পাতায়। এই অংশটুকু শুনেই রেগে কাঁই হয়ে যান কেয়ার্নস। ছাপার অযোগ্য ভাষায় গালি দিয়ে বলেন, ‘সত্যিই তাই? এই অভিযোগ করা হচ্ছে।’
পরশু লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে বাজিয়ে শোনানো হয় কেয়ার্নসের বক্তব্য। বক্তব্যে কেয়ার্নস আরও বলেছেন, ললিত মোদির বিরুদ্ধে মানহানির মামলায় টাকার বিনিময়ে সাক্ষ্য দিতে রাজি হয়েছিলেন ভিনসেন্ট, ‘আমাকে যেকোনো উপায়ে সাহায্য করার বিনিময়ে সে কিছু চেয়েছিল। সে মুখে একবারও টাকার কথা বলেনি, আমিও একবারও বলিনি। তবে কোনো সন্দেহ নেই আমরা টাকার কথাই বলছিলাম।’
মামলায় কেয়ার্নসের সঙ্গে অভিযুক্ত ফিঞ্চ-হল্যান্ডও ধুয়ে দিয়েছেন ভিনসেন্টকে। তাঁর অভিযোগ, ভিনসেন্ট নিজেই ম্যাচ পাতানোয় আকণ্ঠ ডুবে ছিলেন, নিজেকে বাঁচাতেই কেয়ার্নসকে বিপদের মুখে ঠেলে দেওয়ার অপচেষ্টা করছেন। ক্রিকইনফো।