পুলিশের ওপর হামলা, 'আচরণ পাল্টাতে হবে'

‘লকডাউন’ চলছে চারপাশে। ঘরের বাইরে বের হওয়া যাবে না। একান্ত প্রয়োজন থাকলে অন্য কথা। তবু কিছু মানুষ শুধু শুধু সময় কাটাচ্ছেন ঘরের বাইরে। শুধু বাংলাদেশ নয়, পাশের দেশ ভারতেও একই অবস্থা। জরুরি দরকার ছাড়া মানুষকে ঘরের বাইরে আসতে নিবৃত্ত করতে হাতে লাঠি তুলে নিতে হচ্ছে পুলিশকে। এতে সাধারণ জনতার সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি থেকে হাতাহাতিতে রূপান্তরিত হওয়ার ঘটনাও ঘটছে। এতেই খেপেছেন হরভজন সিং। ভারতের হয়ে ১০৩ টেস্ট খেলা এ স্পিনার পুলিশের প্রতি মানুষের আচরণ পাল্টাতে বললেন।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে কাল একটি ভিডিও শেয়ার করেন হরভজন। সেখানে দেখা যায়, রাস্তায় মানুষের জটলা। এক পুলিশ সদস্যের সঙ্গে শুরুতে কথা-কাটাকাটি হয় জনতার। এরপর সেই পুলিশের ওপর হামলে পড়েন কয়েকজন। চড়, কিল-ঘুষি দিতে দেখা যায়। কর্তব্যরত পুলিশ সদস্যটি আঘাত পেয়ে সড়কে লুটিয়েও পড়েন।
ভিডিওটি পোস্ট করে হরভজন লিখেছেন, ‘পুলিশের প্রতি আমাদের আচরণ পাল্টাতে হবে। ভুলে যাবেন না আমাদের বাঁচাতে ওরা জীবনের ঝুঁকি নিচ্ছে। ওদেরও পরিবার আছে। কিন্তু দেশের জন্য দায়িত্ব পালন করে যাচ্ছে। সুন্দর ভবিষ্যতের জন্য সচেতন হয়ে আমরা সবাই কেন ঘরে থাকতে পারি না।’
টেস্টে ৪১৭ উইকেট নেওয়া এ স্পিনার সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে টুইটারে বরাবরই সোচ্চার। করোনাভাইরাস মহামারি হয়ে ছড়িয়ে পড়ার পর সামাজিক দূরত্ব বজায় রাখতে টুইটারে নানা রকম পোস্ট করছেন জাতীয় দলে সাবেক হয়ে যাওয়া হরভজন। সাম্প্রতিককালে করোনা প্রতিরোধে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির সামাজিক কার্যক্রমের প্রশংসাও করেন ৩৯ বছর বয়সী হরভজন।
করোনার সংক্রমণ ঘটেছে বিশ্বের ১৭৫টি দেশে। আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৫ লাখ। মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে।