‘পুশ...পা’ শট নিয়ে বাংলাদেশ আসছেন রশিদ খান
রশিদ খান এই মুহূর্তে বিশ্বের সেরা স্পিনারদের একজন। টি-টোয়েন্টিতে তাঁর বোলিং-বৈচিত্র্য ভাবায় যেকোনো দলকেই।
ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তাই আফগান লেগ স্পিনারকে ঘিরে আগ্রহ থাকে সবার। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে এবারও খেলছেন তিনি। সংবাদমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান’কে দেওয়া সাক্ষাৎকারে মনের আগল খুলে কথা বলেছেন রশিদ খান।
পিএসএলে গত মৌসুমের শুরুতে লাহোরের হয়ে দুটি ম্যাচ খেলার পর দেশের দায়িত্ব পালনে বিরতি নেন রশিদ। তখন তাঁর বদলি হিসেবে সাকিব আল হাসানের পেছনে ছুটলেও তাঁকে রাজি করাতে পারেনি লাহোর।
পরে মৌসুমের বাকি ম্যাচগুলোর জন্য ফ্র্যাঞ্চাইজিটিতে ফিরেও আসেন রশিদ। এ মৌসুমে লাহোরের হয়ে ৫ ম্যাচে ৪ উইকেট নেওয়া রশিদ এখনো তাঁর সেরাটা দেখাননি। তবে ব্যাটিংয়ে নিজের উদ্ভাবনী ক্ষমতাটা দেখিয়েছেন ২৩ বছর বয়সী এ লেগ স্পিনার।
ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ‘হেলিকপ্টার শট’ দেখা গেছে রশিদ খানের ব্যাট থেকে। জাতীয় দলের হয়ে তো বটেই, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও সুযোগ পেলেই শটটি খেলেন রশিদ খান। ধোনির মস্তিষ্ক থেকে শটটি জন্ম নেওয়ায় ‘হেলিকপ্টার শট’কে রশিদ খানের নিজস্ব ‘সম্পদ’ বলা যাচ্ছে না।
তবে রশিদ নিজেও একটি উদ্ভাবনী শট আবিষ্কার করেছেন, যা এবার পিএসএলেই দেখা গেছে। শটটির নির্দিষ্ট কোনো নাম এখনো দেননি তিনি। তবে তাঁর ব্যাট থেকে শটটি দেখার পর মনে হতে পারে, এটি ‘নো লুক স্লগ ফ্লিক’।
অর্থাৎ কবজির মোচড় ও টাইমিংয়ে পা কিংবা তার আশপাশ থেকে বল মিড উইকেট কিংবা স্কয়ার লেগের ওপর দিয়ে খেলা এবং এভাবে পিএসএলে ছক্কাও মেরেছেন তিনি।
এই শটের দেখার মতো বিষয় হলো, ব্যাটসম্যানরা সাধারণত শট খেলার পর বল কোন দিকে যাচ্ছে, সেদিকে তাকিয়ে থাকলেও রশিদ খান এই শট খেলার সময় সেটি করেন না বলেই তা ‘নো লুক।’
যদিও এই ‘নো লুক শট’ এর আগে ক্যারিবিয়ানদের কাছ থেকেও দেখা গেছে। আরও অনেকেই এভাবে খেলেছেন। তবে ‘নো লুক’ অংশটুকু ছাড়া পুরো শটে রশিদের নিজস্ব কৌশল ফুটে ওঠে, যে কারণে শটটি তাঁর আবিষ্কার হিসেবে স্বীকৃতি পেয়েছে ক্রিকেটপ্রেমী থেকে সংবাদমাধ্যমে।
ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে এই শট নিয়ে কথা বলেছেন রশিদ খান, ‘এটা হেলিকপ্টার শট নয়। কারণ, এটা একটু আলাদা। কবজি শক্তিশালী হওয়ায় তা কাজে লাগিয়েছি। শটটা আসলে একধরনের ফ্লিক। ভারসাম্য ও মাথার অবস্থান ঠিক রাখতে হয়।’
টি-টোয়েন্টির এই যুগে দ্রুত রান তুলতে ব্যাটসম্যানদের নিত্যনতুন শট বের করতে হয়। রশিদ বোলিংয়ের সঙ্গে ব্যাটিংটাও আত্মস্থ করায় তিনিও থেমে নেই। নিত্যনতুন শট খেলার চেষ্টা করেন অনুশীলনে, সেখানে সফল হলে তার প্রয়োগ ঘটে ম্যাচে।
গত ২৯ জানুয়ারি মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচে পিএসএল দর্শকদের সামনে নিজের এই নতুন শটটি উপস্থাপন করেন রশিদ। মুলতান পেসার শাহনওয়াজ দাহানি রশিদের ডান পায়ের হাঁটু–বরাবর ফুল টস মেরেছিলেন।
একটু জায়গা করে নিয়ে রশিদ কবজির মোচড়ে বলটা ব্যাটের মাঝখানে লাগান, দেখে মনে হবে শটটা পুরোপুরি খেলেননি, অর্ধেক খেলেই থেমে গেছেন! কিন্তু কবজির তীব্র মোচড়, ব্যাট সুইং এবং টাইমিং ভালো হওয়ায় তা গ্যালারিতে গিয়ে পড়ে। বিস্ময় ঝরে পড়ে ধারাভাষ্যকারদের কণ্ঠে।
রশিদ এই শট যে অনুশীলনের পর অনুশীলনে রপ্ত করে এসেছেন, সেটাও টের পাওয়া গেছে। ১৮ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অনুশীলনের একটি ভিডিও পোস্ট করেন তিনি।
ব্যাটিংয়ে দাঁড়িয়েছেন, অন্য প্রান্ত থেকে টেনিস বল ছুড়ে মারা হয় ডান পা বরাবর হাফ ভলি লেংথে। পা নড়াচড়া না করিয়েই যেভাবে দাঁড়িয়ে ছিলেন, ঠিক সেভাবেই অফ স্টাম্প থেকে বলটা কবজির মোচড়ে ‘ফ্লিক’ করার মতো শট খেলেন রশিদ।
ইনস্টাগ্রামে ভক্তদের কাছে এই শটের নাম চেয়েছিলেন তিনি। এক সিনেমাপ্রেমী রসিক ভক্ত লেখেন ‘পুশ...পা শট’। আরও অনেকেই অনেক রকম নাম বলেন। রশিদ অবশ্য ভক্তদের দেওয়া নাম থেকে কোনো নাম বেছে নেননি এখনো। তবে শটটি দেখার পর ‘পুশ...পা’ নামটা লুফে নিতে পারেন অনেকেই। পায়ের নড়াচড়া খুব কম হওয়ায় তিনি ওই শট খেলার সময় মনে হতে পারে, আরে! পায়ের এতটুকু নড়চড় নেই!
১৯ ফেব্রুয়ারি পর্যন্ত লাহোরের সঙ্গে আছেন রশিদ। তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান দল। ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হবে প্রথম ওয়ানডে। দেশের হয়ে এই সফরে দায়িত্ব পালনে তখন লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে খেলা ছাড়তে হবে রশিদ খানকে। বাংলাদেশ সফরে তিনি যে নিজের এই নতুন শট খেলার চেষ্টা করবেন, তা বলাই বাহুল্য।