পূজারা-রাহানের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউমোনিয়া থেকে সেরে মাঠে ফিরেছেন নিয়মিত অধিনায়ক দিনেশ চান্ডিমাল। কলম্বোয় কাল দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার একাদশ পরিবর্তন দেখেছে আরও তিনটি। কিন্তু পরিবর্তনেও অপরিবর্তনীয় শ্রীলঙ্কার ভাগ্য। দ্বিতীয় টেস্টের প্রথম দিনই যে প্রথম টেস্টের মতো ভারতীয় ব্যাটসম্যানদের দাপটের গল্প লিখল।

গলে প্রথম টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন চেতেশ্বর পূজারা। কালও সেঞ্চুরি করে অপরাজিত ভারতের তিন নম্বর ব্যাটসম্যান। গলে পূজারাকে সঙ্গী করে মাঠ ছেড়েছিলেন রাহানে। কালও দিন শেষে পূজারার সঙ্গী রাহানে, এবার সেঞ্চুরিও পেয়ে গেছেন। ফল, প্রথম টেস্টের প্রথম দিনের মতো দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই শ্রীলঙ্কাকে রানে চাপা দেওয়ার বন্দোবস্ত করে ফেলেছে ভারত। পার্থক্য শুধু এই, গলে প্রথম দিনে ৩ উইকেট ৩৯৯ রান করেছিল বিরাট কোহলির দল, কাল ৩ উইকেটে ৩৪৪।

১৩৩ রানে নেই ৩ উইকেট—এমন জায়গা থেকেই গড়ে ওঠে কাল পূজারা ও রাহানের জুটি। এরপর ২১১ রানের জুটি দুজনের। ৫০তম টেস্ট খেলতে নেমে পূজারা ১৩তম সেঞ্চুরি করে অপরাজিত ১২৮ রানে। মাইলফলকের ম্যাচে ৪০০০ রানের মাইলফলকটাও পেরিয়ে গেছেন ২৯ বছর বয়সী ব্যাটসম্যান। নবম সেঞ্চুরি করেছেন রাহানে, আজ শুরু করবেন ১০৩ রান নিয়ে।