পূজারাকেই পুঁজি করেছে ভারত

প্যাট কামিন্স কম চেষ্টা করেননি। জশ হ্যাজলউড, স্টিভ ও’কিফ কিংবা নাথান লায়নও কম ঘাম ঝরাননি। কিন্তু চেতেশ্বর পূজারার রক্ষণে কোনোভাবেই চিড় ধরাতে পারল না অস্ট্রেলিয়া। পূজারার ব্যাটেই রাঁচি টেস্টের তৃতীয় দিনটা কাটিয়ে দিল ভারত। ৬ উইকেটে ৩৬০ রান তুলেছে স্বাগতিক দল। অস্ট্রেলিয়ার চেয়ে এখনো ৯১ রান পিছিয়ে তারা।
টেস্টের তৃতীয় দিনটা স্বাভাবিক কোনো পিচে ব্যাটিংয়ের জন্য সবচেয়ে ভালো। সিরিজের আগের দুই টেস্টের তুলনায় রাঁচির উইকেট যথেষ্ট স্বাভাবিক। কিন্তু এমন উইকেটেই দুর্দান্ত বোলিং করেছে অস্ট্রেলিয়া। দিনের প্রথম সেশনটাও ভারত শুরু করেছে রয়েসয়ে। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যানই কাটিয়ে দিচ্ছিলেন প্রথম সেশন। হঠাৎ কী বুঝে উইকেট ছেড়ে বের হয়ে স্টাম্পড হলেন মুরালি বিজয়। ১৯৩ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত।
ভারতের বিপদের শুরুও তখন। সিরিজে নিজের ‘ফর্ম’ ধরে রেখে মাত্র ৬ রানে ফিরেছেন বিরাট কোহলি। অজিঙ্কা রাহানে ফিরেছেন মাত্র ১৪ রানে। দুজনই আউট হয়েছেন কামিন্সের বলেই। দুজনেই উইকেট ছুড়ে দিয়ে আসার দোষে দোষী। করুণ নায়ার কিংবা রবিচন্দ্রন অশ্বিনকে সে অপবাদ দেওয়া যাবে না। কিন্তু পূজারাকে কেউই সঙ্গ দিতে পারলেন না। তবু অবিচল পূজারা। কামিন্সের গতি, হ্যাজলউডের নিয়ন্ত্রিত বোলিং কিংবা ও’কিফের বাঁহাতি স্পিনকে এক পাশে সরিয়ে রেখেই সিরিজে ভারতের পক্ষে প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন। ঋদ্ধিমান সাহাকে সঙ্গী করে দিনটাও পার করে এসেছেন পূজারা (১৩০)।