পূজারার প্রত্যাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ দফা ভারতকে উদ্ধার করল পূজারা-মিশ্রর জুটি। ছবি: রয়টার্স
এ দফা ভারতকে উদ্ধার করল পূজারা-মিশ্রর জুটি। ছবি: রয়টার্স

বিপর্যয়ের ইঙ্গিত মিলেছিল গতকালই। বৃষ্টির কারণে সে দফায় রক্ষা। কলম্বো টেস্টে দ্বিতীয় দিনে ভারতকে আবারও চেপে ধরার সুযোগ পেয়েছিলেন লঙ্কান বোলাররা। তবে ১৮০ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পরও দিন শেষে ভারতের ৮ উইকেটে ২৯২-এর পেছনে বড় অবদান চেতেশ্বর পূজারা ও অমিত মিশ্রর দুর্দান্ত এক জুটি।
সেই ডিসেম্বর থেকে এই আগস্ট, গত আট মাসে ভারত খেলেছে মোট চার টেস্ট। চারটি টেস্টেই দর্শক ছিলেন পূজারা। মেলবোর্ন টেস্টের পর দল থেকে ছিটকে গিয়ে সাজঘরে বসেই খেলা দেখতে হয়েছে পূজারাকে। নিয়মিত ওপেনার মুরালি বিজয় ও শিখর ধাওয়ান ফিট থাকলে এ ম্যাচও খেলার সুযোগ হয়তো পেতেন না। সুযোগটা যখন মিলল, পূজারা যেন চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা নিয়েই নামলেন, গত আট মাসের হতাশা পুষিয়ে নেবেন ভালোভাবেই। নিলেনও। যাকে বলে রাজকীয় প্রত্যাবর্তন।
দ্বিতীয় দিন সকাল থেকেই ভারতের ব্যাটিং বিপর্যয়। পূজারা এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে সতীর্থরা বিদায় নিচ্ছিলেন একে একে। ১৮০ রানেই ৭ উইকেট হাওয়া! ভারতকে কক্ষপথে ফেরাল পূজারা-মিশ্রর অষ্টম উইকেট জুটি। এ জুটিতে এল ১০৪ রান। শ্রীলঙ্কার বিপক্ষে অষ্টম উইকেটে ভারতের এটিই সর্বোচ্চ রানের জুটি। পূজারা করলেন টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। মিশ্র পেলেন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট ফিফটি। রঙ্গনা হেরাথের বলে ফেরার আগে মিশ্রর সংগ্রহ ৫৯। এসএসসিতে নয়ে নামা কোনো ব্যাটসম্যানের এটাই সর্বোচ্চ। পূজারা অপরাজিত আছেন ১৩৫ রানে।
কন্ডিশন ও উইকেটের সুবিধা কাজে লাগিয়ে শুরুটা ভালোই করেছিলেন লঙ্কান পেসাররা। বিশেষ করে ধাম্মিকা প্রাসাদ। ভারতের প্রথম পাঁচ উইকেটের তিনটিই তুলে নিয়েছিলেন ডানহাতি পেসার। দিন শেষে তাঁর ঝুলিতে চার উইকেট। লঙ্কান বোলাররা লাগামটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি। পূজারা-মিশ্রের দুর্দান্ত রসায়নে লাগাম আলগা করে দ্বিতীয় দিনে সংগ্রহটা মোটামুটি ভদ্রস্থ করেছে ভারত।