
ভারতীয় দলে সর্বশেষ সুযোগ পেয়েছিলেন গত বছরের ডিসেম্বরে। সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন তারও ঠিক এক বছর আগে। সেই চেতেশ্বর পূজারাই কাল কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি করে যেন বলে দিলেন, তাঁকে বাতিলের খাতায় ফেলে দেওয়াটা সহজ নয়! অষ্টম উইকেটে পূজারা ও অমিত মিশ্রের ১০৪ রানের জুটিতে শুরুর বিপর্যয় কাটিয়ে শক্ত অবস্থানেই রয়েছে সফরকারীরা। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ৮ উইকেটে ২৯২।
সুযোগ পাননি সিরিজের প্রথম দুই টেস্টে। নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সফরে ব্যর্থতার পর চেতেশ্বর পূজারার খেলা হয়নি অস্ট্রেলিয়া ও বাংলাদেশ সফরেও। এসএসসিতে সিরিজ নির্ধারণী টেস্টেও সুযোগটা এল দৈবক্রমে—দুই ওপেনার শিখর ধাওয়ান ও মুরালি বিজয়ের চোটের কারণে। প্রিয় ৩ নম্বর জায়গাটায় নির্বাচকদের পছন্দ অজিঙ্কা রাহানে, সে জন্য নামতে হলো ওপেনিংয়ে। এত প্রতিকূলতা জয় করে দুর্দান্ত একটি ইনিংসই খেললেন ২৭ বছর বয়সী ব্যাটসম্যান। পেসসহায়ক পিচে শ্রীলঙ্কার বোলারদের সুইং ও বাউন্স সামলে ২৭৭ বলের মুখোমুখি হয়ে অপরাজিত ১৩৫ রানে। দ্বিতীয় দিনের নায়ক যদি হন পূজারা, পার্শ্বনায়ক অবশ্যই অমিত মিশ্র। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট ফিফটি (৫৯) করেছেন এই লেগ স্পিনার। অষ্টম উইকেটে শ্রীলঙ্কার বিপক্ষে তাঁদের গড়া রেকর্ড জুটিটাই আসলে দারুণভাবে ম্যাচে ফিরিয়ে এনেছে ভারতকে।
প্রথম দিনে ১৫ ওভারের বেশি খেলা হতে দেয়নি বৃষ্টি, কাল তাই খেলা শুরু হয়েছিল একটু আগেই। ঘাসে মোড়া উইকেটে দিনের শুরুটাও দুর্দান্ত করেন শ্রীলঙ্কান পেসাররা। পিচ অসমান বাউন্স ও সুইং কাজে লাগিয়ে সফরকারী ব্যাটসম্যানদের ভালোই ভোগাচ্ছিলেন ধাম্মিকা প্রসাদ, নুয়ান প্রদীপ ও অ্যাঞ্জেলো ম্যাথুস। প্রথম ১৫ ওভারে ভারতীয় ব্যাটসম্যানরা নিতে পারেন মাত্র ২২ রান। এর মধ্যেই আর মাত্র ৪ রান যোগ করে ম্যাথুসের বলে এলবিডব্লু বিরাট কোহলি। পরের গল্পটা ধাম্মিকা প্রসাদের। রোহিত শর্মা ও স্টুয়ার্ট বিনিকে পরপর দুই বলে ফেরানোর পর রবিচন্দ্রন অশ্বিনকেও যখন উইকেটের পেছনে ক্যাচ বানান প্রসাদ, ১৮০ রানে ৭ উইকেট হারিয়ে ভারতের অবস্থা সঙ্গিন। মাঝে অবশ্য অভিষিক্ত নমন ওঝার সঙ্গে ৫৪ রানের জুটি গড়ে প্রতিরোধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন পূজারা। ২১ রান করে থারিন্ডু কৌশলের শিকার হন ওঝা। তারপরই প্রতিরোধের কাব্যটা সম্পূর্ণ হয় পূজারা ও মিশ্রের
ব্যাটে। তথ্যসূত্র: সনি সিক্স, ক্রিকইনফো।