
সেঞ্চুরি করার পথেই ছুঁয়েছিলেন ১০ হাজার রানের মাইলফলক। গত সপ্তাহে শেষ হওয়া ভারতের ঘরোয়া দলীপ ট্রফির ফাইনালে চেতেশ্বর পূজারা ফিরেছেন ডাবল সেঞ্চুরি করেই। প্রথম শ্রেণির ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানের এটি দশম ডাবল সেঞ্চুরি। আর এতেই বিজয় হাজারে, সুনীল গাভাস্কার ও রাহুল দ্রাবিড়ের মতো ভারতীয় গ্রেটদের পাশে বসে গেল পূজারার নাম। দলীপ ট্রফির দিবারাত্রির গোলাপি বলের ফাইনালে ভারত নীল দলের হয়ে খেলা পূজারার মতোই ১০টি ডাবল সেঞ্চুরি গাভাস্কার-দ্রাবিড়দের। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১টি ডাবল সেঞ্চুরি নিয়ে তাঁদের ওপরে আছেন শুধু বিজয় মার্চেন্ট। আরও অনেক রেকর্ডের মতো প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরিও স্যার ডন ব্র্যাডম্যানের। ৩৭ বার দুই শ পেরোনো ইনিংস খেলেছেন কিংবদন্তি ব্যাটসম্যান।
প্রথম শ্রেণিতে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি
৩৭
ডন ব্র্যাডম্যান
অস্ট্রেলিয়া
১৯২৮-১৯৪৮
৩৬
ওয়ালি হ্যামন্ড
ইংল্যান্ড
১৯২৫-১৯৪৭
২২
প্যাটসি হেনড্রেন
ইংল্যান্ড
১৯১৯-১৯৩৬
১৭
হার্বার্ট সাটক্লিফ
ইংল্যান্ড
১৯২২-১৯৩৯
১৭
মার্ক রামপ্রকাশ
ইংল্যান্ড
১৯৯২-২০১০