পূর্ণশক্তির দল নিয়ে আসছে ভারত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও বাংলাদেশ-ভারত লড়াই দেখার অপেক্ষায় দর্শক। ছবি: এএফপি
আবারও বাংলাদেশ-ভারত লড়াই দেখার অপেক্ষায় দর্শক। ছবি: এএফপি

দুই ধরনের খবরই মিলছে। আগামী মাসে বাংলাদেশ সফরে নাও আসতে পারেন বিরাট কোহলিসহ ভারতের বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়। আজ জানা গেল, কোহলির ‘ছুটি’ নাকি ‘মঞ্জুর’! আবার বিপরীত সংবাদও শোনা যাচ্ছে—পূর্ণশক্তির দলই পাঠানোর পরিকল্পনা ভারতের। আর তাতে নাকি ছুটির কথা মাথা থেকে ঝেড়েই ফেলতে হচ্ছে কোহলির মতো সিনিয়র খেলোয়াড়দের।
সন্দ্বীপ প্যাটেলের নেতৃত্বে ভারতীয় নির্বাচক কমিটি বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছে, কোহলিসহ কোনো সিনিয়র খেলোয়াড়ই নাকি বাংলাদেশ সফরে না যাওয়ার আবেদন করেননি। কাজেই পূর্ণশক্তির দলই পাঠানোর পরিকল্পনা করছে নির্বাচক কমিটি। ধারণা করা হচ্ছে, গত ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে যে দলটি ছিল, প্রায় সেটিই বাংলাদেশ সফরে পাঠানোর চিন্তা-ভাবনা করছে ভারত।
সংশয় দেখা দিয়েছে পেসার মোহাম্মদ শামিকে নিয়ে। হাঁটুর চোটের কারণে এ বছর আইপিএল খেলতে পারেননি ডানহাতি পেসার। যদি তাঁকে না পাওয়া যায়, সে ক্ষেত্রে ধাওয়াল কুলকার্নিকে বিবেচনায় নিতে পারেন নির্বাচকেরা। জানুয়ারিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে ছিলেন কুলকার্নি। এ ছাড়া ভারতীয় পেস আক্রমণে থাকার কথা রয়েছে ইশান্ত শর্মা, বরুণ অ্যারন, উমেশ যাদব ও ভুবনেশ্বর কুমারের। ওদিকে স্পিন আক্রমণের নেতৃত্বে থাকবেন রবিচন্দ্রন অশ্বিন।
বরাবরই ভারতের শক্তিশালী দিক ব্যাটিং লাইন-আপ। পরীক্ষিত ব্যাটসম্যানদেরই বাংলাদেশে পাঠাতে চায় ভারত। ব্যাটিং লাইন-আপ সমৃদ্ধ করতে থাকছেন শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, কোহলি, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে ও রোহিত শর্মা। তবে বাজে পারফরম্যান্সের কারণে টেস্ট স্কোয়াডে সুরেশ রায়নার জায়গা অনেকটাই অনিশ্চিত। টেস্টে নিজের সর্বশেষ সাত ইনিংসে পাঁচটিতেই ডাক মেরেছেন এ বাঁহাতি, রান করেছেন মাত্র ৫৮!
টেস্ট থেকে অবসরের পর মহেন্দ্র সিং ধোনির জায়গায় উইকেটরক্ষক হিসেবে দেখা যেতে পারে ঋদ্ধিমান সাহাকে। ওয়ানডেতে ধোনি না এলে রঙিন পোশাকেও উইকেটের পেছনে দেখা যেতে পারে ঋদ্ধিমানকে। সব জল্পনা-কল্পনার অবসান হবে আগামীকাল। বাংলাদেশ সফরে দল গঠনে সন্দ্বীপ পাতিলের নেতৃত্বে নির্বাচক কমিটি মুম্বাইয়ে বৈঠকে বসবে কাল।
গত বছরও আইপিএলের পর পর বাংলাদেশ সফরে এসেছিল ভারত। সেই দলে ছিলেন রবিন উথাপ্পা, রাহানে, আম্বাতি রাইডু, ঋদ্ধিমান, অক্ষর প্যাটেল, পারভেজ রাসুলরা। ভারতের দ্বিতীয় সারির সেই দলটাই ২-০তে সিরিজ জিতে গিয়েছিল। আবারও বর্ষাতেই বাংলাদেশ সফরে আসছে ভারত। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে সিরিজের সময়সূচি। ফতুল্লায় সিরিজের একমাত্র টেস্ট অনুষ্ঠিত হবে ১০-১৪ জুন। মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ১৮,২১ ও ২৪ জুন। এবার অবশ্য বৃষ্টির কথা বিবেচনা করে প্রতিটি ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। তথ্যসূত্র: পিটিআই।