পূর্ণশক্তির ভারতকে পেয়েই খুশি মাশরাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ওপর আবার ভারতের মুখোমুখি বাংলাদেশ। ছবি: শামসুল হক
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ওপর আবার ভারতের মুখোমুখি বাংলাদেশ। ছবি: শামসুল হক

অস্ট্রেলিয়া সফর আর বিশ্বকাপ মিলিয়ে টানা চার মাসের সফর। এর পরপরই আইপিএল। গত বছরের মতো এবারও ভারত দ্বিতীয় সারির দল পাঠাবে বলেই গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু সুনীল গাভাস্কারদের মতো কিংবদন্তি​র পরামর্শই শুনেছে বিসিসিআই। শেষ পর্যন্ত ভারত ঘোষণা করেছে পূর্ণশক্তির দলই। গাভাস্কার বলেছিলেন, বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলাই বলে দেয়, এবার তারা অন্য রকম এক দল।
বাংলাদেশ দলটা যে ‘অন্য রকম’, এই কথা গুঞ্জরিত হচ্ছে পুরো ক্রিকেট বিশ্বে। আর এতে স্বাভাবিকভাবেই তৃপ্ত মাশরাফি বিন মুর্তজা। ওয়ানডে অধিনায়ককে বেশি করে তৃপ্তি দিচ্ছে ভারত পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশে আসছে দেখে। এতে যেমন চ্যালেঞ্জটা বাড়ছে, একই সঙ্গে বাড়ছে সেই চ্যালেঞ্জ জয়ের তাগিদও। পাকিস্তানকে ​ধবল-ধোলাই করার আত্মবিশ্বাসটা কাজে লাগাতে চান মাশরাফি। তবে সমর্থকদের একটা অংশের প্রত্যাশাটা আকাশ ছুঁয়েছে বলেই হয়তো বাস্তবতা মনে করিয়ে দিয়ে বলছেন, কাজটা সহজ হবে না।
বিরাট কোহলি নাকি ছুটি চান। গতবারের মতো এবারও তরুণদের সুযোগ দিয়ে দেখতে চায় ভারত। এমনও শোনা গেল, জহির খান, বীরেন্দর শেবাগ, যুবরাজ সিংদেরও পাঠিয়ে দেওয়া হতে পারে। কিন্তু কাল ভারতের দল ঘোষণার পর মাশরাফির মন্তব্য, ‘ওরা তো প্রায় বিশ্বকাপের দলটাই ঘোষণা করেছে। চোটের কারণে সামি নেই। তা ছাড়া বাকি সবাই-ই আছে।’
সামির বদলে দলে​ নেওয়া হয়েছে তরুণ পেসার ধাওয়াল কুলকার্নিকে। মুম্বাইয়ের এই পেসারের অভিষেক হয়েছিল গত বছর ইংল্যান্ডের বিপক্ষে। তবে নজর কেড়েছিলেন নভেম্বরে​ শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দুই ম্যাচে ৪ ও ৩ উইকেট নিয়ে। এবারের আইপিএলে রাজস্থানের হয়ে খেলে নিয়েছেন ১৩ উইকেট। মাশরাফি অবশ্য ভারতের বোলিং নয়, ব্যাটিং নিয়েই ভাবছেন, ‘বিশ্বের সেরা ব্যাটিং লাইনআপটা ওদের। আমাদের বোলারদের জন্য এটা হবে চ্যালেঞ্জের।’
টানা ক্রিকেটের ধকল ভারতকে খুব একটা ভোগাবে বলে মনে করেন না মাশরাফি। বরং আইপিএল খেলে আসাটা তাদের জন্য সুবিধাও হতে পারে বলে মনে করছেন তিনি। বিশেষ করে ওয়ানডেতে। ২০১২ এশিয়া কাপেও যেমন বাংলাদেশকে খুব সাহায্য করেছিল বিপিএল।
ভারতের বিপক্ষে সব সময়ই আলো ছড়ানো মাশরাফি চ্যালেঞ্জ নিতেও ভালোবাসেন। ভারতের বিপক্ষে বাংলাদেশের তিন জয়ের দুটোতেই ম্যাচ সেরা হয়েছেন। এশিয়া কাপের সেই স্মরণীয় জয়ে শততম সেঞ্চুরি করা টেন্ডুলকার তাঁরই শিকার। সেদিন মাত্র ৪৪ রানে ২ উইকেট নিয়ে রেখেছিলেন বড় ভূমিকা। সেই আত্মবিশ্বাসী মাশরাফি বলছেন, ‘ভারত পূর্ণশক্তির দল পাঠানোতেই ভালো হয়েছে। তা না হলে আমরা ভালো করলেও বলা হতো ওরা তো সেরা দল পাঠায়নি।’