পূর্বাঞ্চলের নাটকীয় জয়
সময়টা এখন টি-টোয়েন্টির। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েই মেতে আছেন সবাই। ২০ ওভারের ক্রিকেটের প্রভাবই কি পড়ল ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চার দিনের ম্যাচে? কাল পঞ্চম রাউন্ডের শেষ দিনে মাত্র ২২.১ ওভারেই যে ১৩৯ রানের লক্ষ্য ছুঁয়ে জিতে গেল ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। টি-টোয়েন্টির ব্যাটিং ছাড়া উপায়ও ছিল না পূর্বাঞ্চলের। কক্সবাজারের একাডেমি মাঠে লক্ষ্যটা যে পেরোতে হতো ২৩ ওভারের মধ্যে।
ইনিংস শুরুর ৮ বলের মধ্যেই ২ উইকেট হারানো পূর্বাঞ্চল চতুর্থ উইকেট হারায় ৩৭ রানে। এরপর অভিজ্ঞ অলক কাপালিকে নিয়ে পঞ্চম উইকেটে ৯.৪ ওভারেই ৭৩ রান যোগ করেন তরুণ জাকির হাসান। ৪৩ বলে ৬ চার ৩ ছয়ে ৫৭ রান জাকিরের।
ফলোঅনে পড়া বিসিবি উত্তরাঞ্চলের দ্বিতীয় ইনিংসে থামে ৩৫৭ রানে। ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি পেয়েছেন ৮৭ রানে দিন শুরু করা মাইশুকুর রহমান (১৩১)। প্রায় পাঁচ বছর পর ইনিংসে ৫ উইকেট নিয়েছেন পূর্বাঞ্চলের অলক কাপালি।
শেখ কামাল স্টেডিয়ামে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের সঙ্গে ড্র করেছে পয়েন্ট তালিকার শীর্ষ দল ওয়ালটন মধ্যাঞ্চল। জিততে হলে ৫০ ওভারের মধ্যেই ৪০৬ রান তুলতে হতো দক্ষিণাঞ্চলকে। দলটি ৩৫ ওভারে ৪ উইকেটে ১০৯ রান তুলতেই ড্র মেনে নেয় দুই দল।