পেঁয়াজ-টমেটোর বেলায় ঠিক, ক্রিকেট হলেই সমস্যা

>ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে কথা বললেন শোয়েব আখতার।
ভারত-পাকিস্তান সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০১২-১৩ মৌসুমে। সেটি ছিল ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। সর্বশেষ টেস্ট খেলেছে ২০০৭ সালে। অথচ ক্রিকেটে এ দুই প্রতিবেশীর লড়াই ভীষণ কাঙ্ক্ষিত। আইসিসি টুর্নামেন্টে তা দেখা গেলেও দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না তাদের বৈরী রাজনৈতিক সম্পর্কের জন্য। শোয়েব আখতারের সোজা কথা, দুটি দেশ পেঁয়াজ-টমেটো আদান-প্রদান করতে পারলে ক্রিকেট খেলতে কী সমস্যা?
শোয়েব ইউটিউবে ইদানীং ভীষণ ব্যস্ত। কথা বলছেন ক্রিকেটের নানা বিষয় নিয়ে। নিজে একটি চ্যানেল খুলে দিচ্ছেন বিশেষজ্ঞ মতামত। সে ধারায় এবার ভারত-পাকিস্তান সিরিজের অচলায়তন ভাঙা নিয়ে কথা বললেন পাকিস্তানের কিংবদন্তি এ পেসার। সম্প্রতি লাহোরে কাবাডি বিশ্বচ্যাম্পিয়নের ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। এ উদাহরণ টেনে নিজের ইউটিউব চ্যানেলে গতকাল শোয়েবের যুক্তি, ‘আমরা একে অপরের সঙ্গে ডেভিস কাপ কিংবা কাবাডি খেলতে পারি তাহলে ক্রিকেটে সমস্যা কোথায়? বুঝলাম ভারত পাকিস্তানে আসবে না, পাকিস্তানও ভারতে যাবে না কিন্তু আমরা তো এশিয়া কাপ ও চ্যাম্পিয়নস ট্রফিতে নিরপেক্ষ মাঠে মুখোমুখি হচ্ছি। দ্বিপাক্ষিক সিরিজেও কি এমন করতে পারি না?’
কিছুদিন আগে পাকিস্তানে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ ও একটি টেস্ট খেলেছে বাংলাদেশ। ভারতের কাবাডি দলও পাকিস্তান ঘুরে গেছে। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুতগতির বল করা শোয়েব এ দুটি উদাহরণ টেনে বলেন, পাকিস্তানে খেলতে সমস্যা হলে নিরপেক্ষ ভেন্যুতে খেলা হোক, ‘পাকিস্তান ভ্রমণের জন্য নিরাপদ জায়গা। ভারতের কাবাডি দল এসেছে। বাংলাদেশ টেস্ট খেলে গেছে। এরপরও যদি সমস্যা থাকলে তাহলে নিরপেক্ষ ভেন্যুতে খেলার প্রস্তাব করছি। তবে পাকিস্তান আতিথেয়তা দেওয়ায় বিশ্বের অন্যতম সেরা। ভারত তা ভালোমতোই জানে। বীরেন্দর শেবাগ, সৌরভ গাঙ্গুলী কিংবা শচীন টেন্ডুলকারকে জিজ্ঞেস করুন, ওদের আমরা খুবই ভালোবাসি। আমাদের মধ্যে যে ব্যবধান ক্রিকেটে তার প্রভাব পড়া ঠিক হবে না। আশা করি, ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ খেলবে।’
‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’খ্যাত শোয়েবের মতে, ভারত-পাকিস্তান ক্রিকেট না খেললে সব ধরনের সম্পর্ক ত্যাগ করা উচিত। ‘সম্পর্কচ্ছেদ করতে চাইলে ব্যবসা-বাণিজ্য বন্ধ করুন, কাবাডি খেলা বন্ধ করুন, শুধু ক্রিকেট কেন? ক্রিকেটের প্রসঙ্গ উঠলেই বিষয়টি রাজনৈতিক হয়ে যায়। এটা ভীষণ হতাশার। আমরা পেঁয়াজ-টমেটো আমদানি-রপ্তানি করতে পারি, হাসিঠাট্টা করতে পারি, তাহলে ক্রিকেট খেলায় কী সমস্যা?’