পেইনের ‘জীবন’কে উপভোগ করতে পারলেন না কোহলি

কোহলিকে (ছবিতে নেই) রান আউট করে অস্ট্রেলিয়া দলের উল্লাস। অন্য প্রান্তে হতাশ রাহানেছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাউন্টি ক্রিকেটে ভিভ রিচার্ডসকে খোঁচা মারতে কথাটা বলেছিলেন গ্রেগ থমাস, ‘(বলটা) লাল, গোলাকার, ওজন পাঁচ আউন্সের কাছাকাছি।’ ভিভ এর উত্তরে কী করেছিলেন, সেটি ইতিহাসের পাতায় দেখে নিতে পারেন।

তবে ম্যাথুসের ওই খোঁচায় কিন্তু টেস্ট ক্রিকেটে ব্যাটিংয়ের সারবস্তু লুকিয়ে—যা কিছুই ঘটুক না কেন, সব সময় বলটা দেখো। শেষ পর্যন্ত দেখো। নাথান লায়নের সেই বলে কোহলি এই সারকথাটা ভুলে গেলেও সুযোগটা নিতে পারেননি টিম পেইন। তাঁর রিভিউ না নেওয়ার ভুলের মাশুল দিয়েছে অস্ট্রেলিয়া।

অ্যাডিলেডে চলছে দিবারাত্রির টেস্ট। ফ্লাডলাইটের আলোয় এই টেস্টের বল গাঢ় লাল নয় গোলাপি। আজ টেস্টের প্রথম দিনে দ্বিতীয় সেশনে ভালোই লড়াই করছিলেন ভারতের অধিনায়ক।

ধৈর্য ও সংযমের পরীক্ষা দিয়ে প্রতিটি রান নিচ্ছিলেন সংগ্রাম করে। উইকেটে বল ওঠায় কোহলির গ্লাভস তাক করে বেশ কিছুক্ষণ বল করেছেন মিচেল স্টার্ক ও নাথান লায়ন। অস্ট্রেলিয়ার অফ স্পিনার লায়ন শর্ট লেগে ফিল্ডার রেখে ফাঁদ পেতেছিলেন।

রান আউট হওয়ার পর রাহানের দিকে একবার তাকিয়েছিলেন কোহলি
ছবি: টুইটার

মাঝ স্টাম্প থেকে কোমর উচ্চতায় বল তুলে বের করার চেষ্টা করছিলেন, যেন গ্লাভস ছুঁয়ে উইকেটরক্ষকের গ্লাভস কিংবা শর্ট লেগে ওত পেতে থাকা ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ জমা পড়ে। ৩৬তম ওভারের প্রথম বলে এই কৌশল আরেকটু হলেই কাজে লেগে যেত।

লায়নের স্পিন সাপের মতো ছোবল মেরে কোহলির কোমরের পাশ দিয়ে চলে গেছে। কোহলি ব্যাটে খেলার চেষ্টা করেছিলেন। কিন্তু বলটা শেষ পর্যন্ত না দেখায় ব্যাটে পাননি।

টিভি রিপ্লেতে খালি চোখে দেখা গেছে, গ্লাভসের প্রায় ন্যানোমিটার কাছাকাছি দূরত্ব দিয়ে বলটা জমা পড়েছে পেইনের গ্লাভসে। সহজাত প্রবৃত্তি থেকে পেইনের সঙ্গে আউটের আবেদন করেছিলেন আশপাশে ছড়িয়ে থাকা ফিল্ডাররা।

মাঠের আম্পায়ার তাতে সাড়া দেননি। পেইনেরও মনে হয়নি রিভিউ নেওয়া প্রয়োজন। যদিও ‘সেভেন নিউজ’ জানিয়েছে, শর্ট লেগে দাঁড়ানো ওয়েড তাঁর অধিনায়ককে বোঝানোর চেষ্টা করছিলেন, বলটা গ্লাভস ছুঁয়ে গেলেও যেতে পারে।

বল কোহলির গ্লাভসে লেগেছিল কি না, তা খালি চোখে বোঝার জন্য ওয়েডের দাঁড়ানোর জায়গাটা ছিল সবচেয়ে সুবিধাজনক।

কোহলি রান আউট হওয়ার পর রাহানেও বেশিক্ষণ থাকতে পারেননি
ছবি: এএফপি

এরপর হটস্পট প্রযুক্তি পেইনের ভুল ধরিয়ে দেয়। থার্মাল প্রযুক্তি ধরিয়ে দেয় বলটা কোহলির গ্লাভসে ক্ষুদ্র দাগ রেখে জমা পড়েছে পেইনের গ্লাভসে। অর্থাৎ রিভিউ নিলে কোহলি ক্যাচ আউট হতেন।

চ্যানেল সেভেনে ধারাভাষ্য দেওয়া অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং হটস্পট ফুটেজ ব্যাখ্যা করে বলেন, ‘ডান হাতে গ্লাভসের আঙুল ছুঁয়ে গেছে বল। দাগটা দেখা যাচ্ছে। পেইনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখে মনে হয়েছে সে টের পেয়েছিল কিন্তু (রিভিউ নেওয়ার) সমর্থন সেভাবে পায়নি সতীর্থদের কাছ থেকে।’

যদিও তাঁর সতীর্থ ধারাভাষ্যকার জেমস ব্রেশও পেইনের সমালোচনা করেন, ‘হায় খোদা! টিম পেইনের জন্য ডিআরএস তো দুঃস্বপ্ন। এই সিরিজে তারা (ইনিংসে) তিনটি করে রিভিউ পাচ্ছে।’

করোনাকালে টেস্টে প্রতি ইনিংসে তিনটি রিভিউ নেওয়ার নিয়ম বেঁধে দিয়েছে আইসিসি।

অস্ট্রেলিয়ার সাবেক পেসার ডেমিয়েন ফ্লেমিং অবশ্য এত ভদ্রভাবে সমালোচনা করেননি পেইনের, ‘ডিআরএসের ওপর ডিপ্লোমা করার কোনো স্কুল আছে যেখানে সে (পেইন) যেতে পারে। কারণ, এটা বছরের পর বছর অন্তত তার বন্ধু হতে পারেনি।’

শেষ পর্যন্ত লায়নের ওভারেই আউট হয়েছেন কোহলি। কিন্তু উইকেটটি লায়ন পাবেন না। সত্যিকার অর্থে কোহলির উইকেট যাওয়া উচিত অজিঙ্কা রাহানের ঝুলিতে (!)।

৭৭তম ওভারের শেষ বলে বলটা মিড অফে ঠেলে রান নেওয়ার জন্য দু-তিন পা এগিয়েছিলেন রাহানে। তাতে সাড়া দিয়ে উইকেট ছেড়ে বেরিয়ে যান কোহলি। কিন্তু আচমকাই তাঁকে ফেরত পাঠান রাহানে। ততক্ষণে কোহলির নিরাপদে ফেরার পথ বন্ধ। জশ হ্যাজেলউডের চকিত থ্রো থেকে স্টাম্প ভেঙে দিয়েছেন লায়ন।

রান আউট হয়ে হতাশায় মাঠ ছাড়ছেন কোহলি
ছবি: এএফপি

১৮০ বলের ইনিংসে ৭৪ করে রান আউট কোহলি। শেষ পর্যন্ত ৬ উইকেটে ২৩৩ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে ভারত।

উইকেটে রয়েছে ঋদ্ধিমান সাহা (৯*) ও রবিচন্দ্র অশ্বিন (১৫*)। কোহলি ভারতের সর্বোচ্চ স্কোরার। ১৬০ বলে ৪৩ রান করেন চেতেশ্বর পূজারা।

কোহলি আউট হওয়ার পর মাঝে তিন ওভার পরই স্টার্কের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন রাহানে (৪২)। অস্ট্রেলিয়া আজ ৬ বোলার ব্যবহার করেছে। এর মধ্যে ৪৯ রানে ২ উইকেট নেওয়া স্টার্ক দিনের সবচেয়ে সফল বোলার।

এই সিরিজে শুধু অ্যাডিলেড টেস্টই খেলার কথা ছিল ভারতীয় অধিনায়কের। প্রথম ইনিংসেই ‘জীবন’ পেয়ে সেঞ্চুরির সুবাস নিতে নিতে দুর্ভাগ্যের শিকার হলেন কোহলি। মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফেরার পথে তাঁর গ্লাভস ছুড়ে ফেলা ছিল হতাশারই প্রতিচ্ছবি। তাতে নিশ্চয়ই হাঁপ ছেড়ে বেঁচেছেন পেইন!

কোহলি থাকলে অস্ট্রেলিয়ার ‘পেইন’ (ব্যথা) যে কোথায় গিয়ে ঠেকত, তা কে জানে!