পেইনের ব্যথা বাড়িয়েছেন তাঁর দেশেরই আম্পায়ার
প্রতিপক্ষ দলের সেরা খেলোয়াড়টি নেই। অভিজ্ঞ দুই পেসারের অনুপস্থিতি ছাড়াও ছিলেন দুজন অভিষিক্ত। এই ভারতের কাছে এক দিন আগেই হারল অস্ট্রেলিয়া।
অজিঙ্কা রাহানের দলকে এতটুকু খাটো না করেই বলা যায়, টিম পেইনের অস্ট্রেলিয়া ‘অস্ট্রেলিয়ান ক্রিকেট’ খেলতে ব্যর্থ। অধিনায়ক হিসেবে পেইনের ‘পেইন’ও (ব্যথা) সবচেয়ে বেশি। সব প্রকার সমালোচনার তির যে তাঁর দিকেই ধেয়ে আসছে সবার আগে।
পেইনের ব্যাটসম্যানরা ব্যর্থ, ফিল্ডিং উড়ু উড়ু, বোলাররা মানসিক লড়াইয়ে পারেননি—এমন কত কথাই না ধেয়ে আসছে, আসবে! পেইন অবশ্য হাঁটলেন অন্য পথে। তাঁর কাঠগড়ায় ম্যাচের তৃতীয় আম্পায়ার।
মেলবোর্ন টেস্টে ভারতের কাছে ৮ উইকেটে হেরে সিরিজে ১–১ ব্যবধানে সমতায় ফিরতে বাধ্য হয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে মাত্র ২০০ রানে গুটিয়ে যাওয়ায় জিততে মাত্র ৭০ রানের লক্ষ্য পেয়েছিল ভারত।
১০০ রান তুলতে ৬ উইকেট পড়েছিল স্বাগতিকদের, এর মধ্যে পেইন আউট হয়েছেন দলীয় ৯৯ রানে, ৪৭.৪ ওভারে। আগের ৪ ওভারে দলীয় ৯৮ রানে আরও দুটি উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া— ট্রাভিস হেড ও ‘সেট’ ম্যাথু ওয়েড।
এই বাজে সময়টাই ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিয়েছে অস্ট্রেলিয়ার, যার মধ্যে সর্বশেষ বিপর্যয় ছিলেন অধিনায়ক নিজেই। তিনি টিকতে পারলে হয়তো অস্ট্রেলিয়ার আশাও থাকত। অন্তত লড়াইটা আরও বেশি সময় চালিয়ে যেতে পারত অস্ট্রেলিয়া।
পেইন তা না হওয়ার দায় চাপিয়েছেন তৃতীয় আম্পায়ার পল উইলসনের কাঁধে। এই অস্ট্রেলিয়ানের বিতর্কিত সিদ্ধান্তের জন্যই আউট হয়ে ফিরতে হয়েছিল অস্ট্রেলিয়া অধিনায়ককে।
পেইন তাই হারের পর ক্ষোভ উগড়ে দেন, ‘ভীষণ হতাশার, কোনো সন্দেহ নেই। তখন ম্যাচে গুরুত্বপূর্ণ মুহূর্ত। ভালো খেলছিলাম, মনে হচ্ছিল গ্রিনির (ক্যামেরন গ্রিন) সঙ্গে ৫০, ১০০ বা ১২০ রানের জুটি গড়তে পারলে ম্যাচের চিত্রপট পাল্টে দিতে পারব। কিন্তু ওভাবে ফেরা ভীষণ হতাশার, কিন্তু এটা বাস্তবতাও। দ্বিতীয় দিনে প্রথম বলে পূজারার (ভারতের প্রথম ইনিংস) ক্ষেত্রেও এমন হয়েছিল, ওটা দেওয়া না হলেও পরে দৃশ্যপট পাল্টেছে।’
চেতেশ্বর পূজারা ৭ রানে অপরাজিত থাকতে উইকেটের পেছনে তাঁর ক্যাচের আবেদন করেছিলেন পেইন। মাঠের আম্পায়ার সাড়া না দেওয়ায় রিভিউ নিয়ে তৃতীয় আম্পায়ারের দ্বারস্থও হয়েছিলেন।
কিন্তু হটস্পটে কিছু না পাওয়ায় পেইনের দাবি টেকেনি। যদিও বিশেষজ্ঞদের মতামত ছিল, বল পূজারার ব্যাট পার হওয়ার সময় মিহি একটা শব্দ শোনা গেছে।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে পেইন (১) আউট হন রবীন্দ্র জাদেজার বলে। স্কয়ার কাট করতে গিয়ে ক্যাচ দেন ঋষভ পন্তের গ্লাভসে—এটা স্কোরকার্ডের ঘোষণা। কিন্তু পেইনের বিশ্বাস তিনি আউট ছিলেন না।
মাঠের আম্পায়ার সাড়া না দেওয়ায় রিভিউ নিয়ে তৃতীয় আম্পায়ার পল উইলসনের দ্বারে যান ভারতের অধিনায়ক রাহানে। হটস্পটে পেইনের ব্যাটে কোনো দাগ মেলেনি। কিন্তু স্নিকোয় আঁচড় থাকায় শুধু এর ওপর ভিত্তি করে পেইনকে আউট ঘোষণা করেন উইলসন।
পেইন এ নিয়ে ম্যাচ রেফারি ডেভিড বুনের সঙ্গে কথা বললেও তা ফলপ্রসূ হয়নি, ‘আমি তাঁদের সঙ্গে কথা বলেছি। কিন্তু ফলপ্রসূ কিছু পাইনি। গতকাল প্রযুক্তি নিয়ে আমার কোনো মাথাব্যথা ছিল না। প্রথম ইনিংসে পূজারার ওই ঘটনাটা এর পটভূমি, আমি মনে করি, সিদ্ধান্তটা দ্রুত নেওয়া হয়েছে। পর্যাপ্ত প্রমাণ পেতে সে (উইলসন) যথেষ্ট রিপ্লে দেখেনি, সম্ভবত ব্যাট ও বলের মধ্যে ফাঁক ছিল। বলের লাইন ব্যাট পার হওয়ার পরও একই রকম ছিল। কিছু ছবিও দেখেছি। প্রমাণ খুঁজে পেতে সে সময় নিয়েছে বলে আমি মনে করি না। প্রযুক্তি নিয়ে কোনো সমস্যা নেই।’