'পেছন থেকে ছুরি মারা'র তালিকায় আছেন কোহলিও

>ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং মনে করেন তাঁর ছেলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার তালিকায় আছেন বিরাট কোহলিও
কিছু দিন আগে যুবরাজ সিং বিরাট কোহলিকে নিয়ে একটা মন্তব্য করেছিলেন। ইনস্টাগ্রামের এক লাইভ সেশনে তিনি বলেছিলেন ভারতীয় দলে তিনি সৌরভ গাঙ্গুলীর যে সহায়তা ও সমর্থন পেয়েছেন, কোহলি–ধোনিদের কাছ থেকে তেমন পাননি। নিজের প্রিয় অধিনায়ক যে সৌরভ, সে কথাও জানিয়ে দেন ভারতের সাবেক এ অলরাউন্ডার।
এবার যুবরাজের বাবা সাবেক ক্রিকেটার ও পাঞ্জাবি ছবির অভিনেতা যোগরাজ সিংয়ের মতে, কোহলি–ধোনিরা তাঁর ছেলের সঙ্গে বিশ্বাসঘাতকের মতো আচরণ করেছে। কেবল তাঁরাই নন, তাঁর ছেলে যুবরাজের সঙ্গে বাজে আচরণ করেছেন নির্বাচকেরাও, 'কেবল ধোনি, কোহলিই নয়, নির্বাচকেরাও যুবরাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। পেছন থেকে ছুরি মারাটা খুবই বিপজ্জনক। সবাই খুব দুশ্চিন্তায় থাকত, যুবরাজ যদি ভালো খেলে ফেলে, তাহলে ওদের কী হবে!'
যোগরাজ ভারতের সাবেক নির্বাচক শরন্দ্বীপ সিংয়ের কথা উল্লেখ করে বলেছেন, তিনি নাকি যুবরাজকে বাদ দেওয়ার তালে থাকতেন সব সময়, 'এই শরন্দ্বীপ সিং যুবরাজকে বাদ দিতে পারলেই বাঁচত। সে নির্বাচক কমিটির বৈঠকেই যেত যুবরাজকে বাদ দেওয়ার জন্য। আমার দুঃখ হয়, এমন লোকজনকে নির্বাচক করা হয়, যারা ক্রিকেটের “অআকখ” ই জানে না।'
যুবরাজের বিদায় তাঁর মতো করে হয়নি বলেই আক্ষেপ তাঁর বাবার। সরাসরি যুবরাজের কথা না বললেও ইঙ্গিতে সেটিই বলতে চেয়েছেন তিনি, 'আমি সব সময় চাই একজন দুর্দান্ত ক্রিকেটারের বিদায় দারুণভাবেই হোক। কিছু দিন আগে আমার রবি শাস্ত্রীর সঙ্গে দেখা হয়েছিল। তিনি আমার সঙ্গে একটা ছবি তুলতে চাইলেন। আমি তাঁকে বলেছি ধোনি কিংবা কোহলি যখন বিদায় নেবে, সেই বিদায়টা যেন জাঁকজমকপূর্ণ হয়। ভারতীয় ক্রিকেটে তাদের অবদান তো অনেক।'
২০১১ বিশ্বকাপে যুবরাজ সিং ছিলেন ভারতের অন্যতম সেরা খেলোয়াড়। ব্যাটে–বলে তাঁর অনবদ্য পারফরম্যান্স ভারতের বিশ্বকাপ জয়ে রেখেছিল বড় অবদান। সেই যুবরাজকেই নাকি নির্বাচকেরা বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দিতে চেয়েছিলেন। তথ্যটা জানিয়েছেন যোগরাজ সিং, 'আমি ঠিক নিশ্চিত নই। যুবিই পরে আমাকে বলেছিল ঘটনাটা। ২০১১ বিশ্বকাপে নির্বাচকেরা যুবরাজকে নিতে চাননি সুরেশ রায়নার কথা বলে। আমি নির্বাচকদের একটি বৈঠকের কথা জানি, সেখানে তারা বলেছিলেন ভারতীয় দলে যেহেতু রায়না আছে, তাই যুবরাজের দরকার নেই। কেবল যুবরাজই নয়, বেশ কয়েকজন ক্রিকেটারই আমাকে সেই বৈঠকের কথা বলেছেন।'