তাহলে কি কলকাঠি নেড়েছেন মাইকেল ভনই? সাঈদ আজমলকে কি ভনের কারণেই নিষিদ্ধ হতে হলো? ওয়াসিম আকরাম দাবি করেছেন, সাবেক ইংলিশ অধিনায়কই আজমলের ঘটনার নাটের গুরু।
পাকপ্যাশন ডট নেটের কাছে পাকিস্তান পেস কিংবদন্তির দাবি, ‘পুরো ঘটনাটির শুরু হয়েছিল ইংল্যান্ড থেকে। মাইকেল ভন টুইট করেই এটা শুরু করেছিল। এরপর অন্যরা তাকে অনুসরণ করে।’ কাউন্টি ক্রিকেট খেলতে আজমলের ইংল্যান্ড যাওয়াটাই কাল হয়েছে বলে মনে করছেন আকরাম, ‘ও আমাদের প্রধান বোলার, সেটা সবাই জানে। আমি কখনোই আজমলকে কাউন্টি ক্রিকেট খেলার অনুমতি দিতাম না। পিসিবির অনেক আগেই কাউন্টি খেলার ব্যাপারে ওকে বাধা দেওয়া উচিত ছিল। সেটার জন্য আর্থিক ক্ষতি হলেও সেটাও পুষিয়ে দেওয়া উচিত ছিল।’ ভন অবশ্য বেশ কয়েকবার আজমলের ছবি দিয়ে টুইট করে প্রশ্ন তুলেছিলেন, আজমলের হাত ১৫ ডিগ্রির চেয়ে বেশি বাঁকে কি না।
কদিন আগেই অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছেন আজমল। এ পরিস্থিতিতে এই অফ স্পিনারের পাশে পিসিবির ভালোমতো দাঁড়ানো উচিত বলেই মত আকরামের, ‘আজমলের জানা উচিত ওর এই অসময়ে পুরো ক্রিকেট মহল ও পিসিবি ওর পাশে আছে। সে এই বছরে ৬০০ ওভারের বেশি বল করেছে। ক্লান্তির কারণে ওর অ্যাকশন খানিকটা ত্রুটিযুক্ত মনে হতেই পারে। ও আমাদের সেরা বোলার, আমরা যদি ওর পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে?’
আরও একজন অবশ্য আজমলের পাশে দাঁড়াচ্ছেন। যে বলটা করতে গিয়ে আজমলকে নিয়ে বেশি সন্দেহ, সেই দুসরার আবিষ্কারক সাকলায়েন মুশতাকই আজমলকে সাহায্য করবেন। পিসিবিই প্রথমে জানিয়েছে এটি। পরে সাকলায়েন নিশ্চিত করেছেন আজমলকে সাহায্য করার জন্য তিনি প্রস্তুত। এএফপি, ডেকান ক্রনিকল।