পেছনে সাফল্য, সামনে চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ

রালফ গনজালভেসের বাড়িটা পরশু রাতে তারায় তারায় ভরে উঠেছিল। কে ছিলেন না সেন্ট ভিনসেন্টের প্রধানমন্ত্রীর বাড়িতে! কার্টলি অ্যাম্ব্রোস থেকে শুরু করে ক্রিস গেইল, বাংলাদেশের মুশফিকুর রহিম, তামিম ইকবালসহ পুরো দল। ওয়েস্ট ইন্ডিজে এসে এই প্রথম বাংলাদেশ দল কোনো অফিশিয়াল নৈশভোজে আমন্ত্রিত হলো।
প্রধানমন্ত্রীর বাড়িতে দুই দলের ক্রিকেটারদের দেখা হলেও কথাবার্তা নাকি খুব একটা হয়নি। এক দিন পর টেস্ট ম্যাচ শুরু। প্রতিদ্বন্দ্বিতার আমেজ রক্তে এমনিতেই বুদ্বুদ ফোটাচ্ছে। এর মধ্যে আবার কথাবার্তা কী!
আজ আর্নস ভেলে শুরু প্রথম টেস্ট। তবে এই টেস্টের শুরুটা হচ্ছে একটা রীতি না মেনে। যেকোনো সিরিজ শুরুর আগের দিন অফিশিয়াল প্রেস কনফারেন্স হওয়ার নিয়ম। কিন্তু এবার তা হলো না। পরশু ওয়েস্ট ইন্ডিজের মিডিয়া ম্যানেজার ফিলিপ স্পুনারকে ফোন করা হলে তিনি বললেন, ‘কোনো প্রেস কনফারেন্স হবে না। ওয়েস্ট ইন্ডিজ দল সকালে অনুশীলন করবে। বাংলাদেশ দল দুপুরে। তোমরা চাইলে মাঠে এসে কারও সঙ্গে কথা বলতে পারো।’
সেই সুযোগও আসলে আসবে ওয়েস্ট ইন্ডিজের অনুশীলনের পর আর বাংলাদেশের অনুশীলনের আগে। মানে স্থানীয় সময় দুপুর ১২টার দিকে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের সময়ের ব্যবধান এমনই যে দুপুর ১২টায় কথা বলে সেটা দিয়ে প্রতিবেদন পাঠাতে পাঠাতে পত্রিকা ছাপাখানায় চলে যাবে। টিম ম্যানেজার হাবিবুল বাশারের মাধ্যমে তাই মুশফিকুর রহিমকে সিরিজ কাভার করতে আসা বাংলাদেশি সাংবাদিকেরা অনুরোধ করল, সকালে টিম হোটেলে কথা বলার জন্য। কিন্তু এই প্রতিবেদন লেখার ঠিক আগ মুহূর্তে ম্যানেজার জানিয়ে দিলেন, অধিনায়ক মাঠে গিয়েই কথা বলবেন। মাঠের উদ্দেশে হোটেল থেকে টিম বাস ছাড়বে বেলা সাড়ে ১১টায়।
সাংবাদিকদের আর কিছুই করার থাকল না। এসব ব্যাপারে অধিনায়ককে জোর করা যায় না। আর এমনও তো না যে বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের সময়ের পার্থক্য তাঁর অজানা। সকালে টিম হোটেলে কথা বললে হয়তো অধিনায়কের মনঃসংযোগে চিড় ধরত! যদি তাই হয় তো কথা না বলে ভালোই করেছেন মুশফিক। এর বিনিময়ে তিনি গভীর মনঃসংযোগে দলটাকে সাফল্যের দিকে নিয়ে যান, সেটাই কামনা।
টেস্ট সিরিজ শুরুর আগে অধিনায়কের ভাবনাটা তাই আর জানা গেল না। তবে মুশফিক আগেই বলে রেখেছিলেন, তাঁর চাওয়া দুটো টেস্টই ড্র করা এবং সেই সামর্থ্য তাঁর খেলোয়াড়দের আছে। পরশু প্রধানমন্ত্রীর নৈশভোজে যাওয়ার আগে বুকামেন্ট বে রিসোর্টের টিম মিটিংয়েও নাকি ঘুরেফিরে আত্মবিশ্বাস-জাগানিয়া এমন আলোচনাই হয়েছে। ব্যাটসম্যানদের প্রতি কোচ চন্ডিকা হাথুরুসিংহের একটাই নির্দেশনা, উইকেটে গিয়ে তাড়াহুড়া চলবে না। সময় নিয়ে থিতু হওয়ার চেষ্টা করতে হবে। আর যাঁরা থিতু হবেন, তাঁদের বড় ইনিংস খেলতে হবে।
টেস্টের আগে আরেকটা মন্ত্র—ওয়ানডে সিরিজে করে আসা ভুলগুলো এখানে করা যাবে না। টিমওয়ার্ক হতে হবে প্রস্তুতি ম্যাচের মতো। পরশু আর্নস ভেলে দাঁড়িয়েই টিম ম্যানেজার হাবিবুল বাশার বলছিলেন, ‘প্র্যাকটিস ম্যাচে ব্যাটিং-বোলিং ভালো হয়েছে। এখানেও সবাই ভালো করতে চাচ্ছে। ওয়ানডের ভুলে শুধরে টেস্টে ভালো কিছুর চেষ্টা করতে হবে। আমি দলের সবার সঙ্গে কথা বলেছি। সবাই ভালো করতে চায়। ফলাফল যা-ই আসুক, আমরা চাই চেষ্টাটা যেন ভালো হয়।’ যত দূর জানা গেছে, নবীন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের অভিষেক আজ অনেকটাই নিশ্চিত। তবে শুভাগত হোম চৌধুরীকে একাদশে রাখা হবে কি না, উইকেট দেখে সে সিদ্ধান্ত হওয়ার কথা কাল রাতে।
আর্নস ভেলে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছে ২০১২ সালে। টেস্ট ক্রিকেট তারও আগে। ২০০৯ সালের সফরে সেটা বাংলাদেশের সঙ্গেই। সেই টেস্টে জিতেছিল বাংলাদেশ। আর্নস ভেলে হওয়া অন্য একমাত্র টেস্টে শ্রীলঙ্কার সঙ্গে ড্র করেছে ওয়েস্ট ইন্ডিজ। তার মানে সাফল্যের হার এ মাঠে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বাংলাদেশেরই ভালো।
তবে স্থানীয়রা খুব চাইছেন আর্নস ভেলে এত দিন পর হতে যাওয়া ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ভালো কিছু করুক। এ ম্যাচ নিয়ে তাদের তোড়জোড়ও অনেক। পরশু সেন্ট ভিনসেন্টের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি মার্সিয়া এডওয়ার্ডসের অফিসে গিয়ে দেখা গেল ভদ্রমহিলা এক গাদা টিকিট খামে ঢুকিয়ে ঢুকিয়ে সাজিয়ে রাখছেন। বিসিবির মতো সরকারি অফিস, পুলিশ, মন্ত্রী-এমপিদের এঁরাও টিকিট দিয়ে খুশি রাখেন নাকি! তবে ‘এসব টিকিট কাদের জন্য’ জিজ্ঞেস করতেই ভুল ভাঙালেন মার্সিয়া, ‘এগুলো কারও জন্য নয়। বিভিন্ন স্ট্যান্ডের টিকিট আলাদা করে রাখছি। সবই দর্শক কিনতে পারবে। অল্প কিছু টিকিট আমরা মেম্বারদের জন্য রাখি।’
কিন্তু এই যে এত কষ্ট করে টিকিট গোছাচ্ছেন ভদ্রমহিলা, মানুষ কি আদৌ আসবে খেলা দেখতে! মার্সিয়ার উত্তর, ‘কেন আসবে না! এই টেস্টের মধ্যে শুক্রবার আছে, রোববার আছে। এই দিনগুলোতে অনেক দর্শক মাঠে আসবে।’
আসুক। দর্শকেরা ওয়েস্ট ইন্ডিজের পক্ষে থাকলেও বাংলাদেশের আত্মবিশ্বাসে সবচেয়ে বড় সঞ্জীবনী তো ২০০৯-এর সাফল্যই।