—একটু কথা বলতে চাই...।
মুশফিকুর রহিম: কী আর বলবেন... বলার মতো তো কিছু নেই।
—গতকালের ম্যাচটা নিয়ে যদি কিছু বলেন। আগামীকালও তো আরেকটা ম্যাচ আছে...।
কথাটা শেষ করতে দিলেন না মুশফিকের সঙ্গেই থাকা হাবিবুল বাশার। গ্রেনাডিয়ান বাই রেক্স রিসোর্টের সিঁড়ির গোড়ায় এসে কড়া ম্যানেজারের মতো এই প্রতিবেদককে বললেন, ‘আপনি এভাবে কোনো খেলোয়াড়ের সঙ্গে কথা বলতে পারেন না। আগে আমার অনুমতি নিতে হবে।’
হাবিবুলকে ধন্যবাদ, অধিনায়কের সঙ্গে আলোচনাটাকে ওখানেই থামিয়ে না দিয়ে কথা বলার অনুমতি দিয়ে চলে গেলেন। কিন্তু আসলেও তো—কী বলবেন মুশফিকুর রহিম! আরও একটা ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়ে হেরে যাওয়া। আরও একবার বুকভরা অতৃপ্তি নিয়ে ঘুমাতে যাওয়া। এমন ম্যাচের পর কী আর বলা যায়!
আজ একই মাঠে দ্বিতীয় ওয়ানডের আগে যত না এই ম্যাচটা নিয়ে কথা হচ্ছে, তার চেয়ে বেশি ফিরে আসছে প্রথম ওয়ানডের হতাশা। কাইরন পোলার্ড-িদনেশ রামদিন মিলে কীভাবে কেড়ে নিলেন বাংলাদেশের মুখের গ্রাস!
মুশফিকের সামনে প্রসঙ্গটা পাড়তেই বললেন, ‘আমরা শুরুটা ভালো করেছিলাম। কিন্তু ২১৭ রান করে আসলে এই উইকেটে ম্যাচ জেতা যায় না। ২০-৩০ রান কম হয়ে গেছে।’ গ্রেনাডার মাঠে আজকের ওয়ানডের আগে সেই ভুল সংশোধনের সংকল্প অধিনায়কের কণ্ঠে, ‘ভালো কিছুর আশা তো প্রতি ম্যাচেই থাকে। তবে সেটার জন্য প্রথম ম্যাচের ভুলগুলো শোধরানোর চেষ্টা করতে হবে।’
প্রথম ম্যাচের ভুলের তালিকায় সম্ভবত সবার ওপরে থাকবে আবদুর রাজ্জাককে একাদশের বাইরে রাখার সিদ্ধান্তটা। পরিসংখ্যান বলছে, টানা ২২৮ ম্যাচ পর এই প্রথম বাংলাদেশ দল কোনো বাঁহাতি স্পিনার ছাড়া ম্যাচ খেলল। এটা যে বড় ভুল ছিল, সেটা একেবারে অস্বীকার করলেন না মুশফিক, ‘এটা ঠিক, সিদ্ধান্তটা কঠিন ছিল। তবে এটা তো আর কারও একার সিদ্ধান্ত নয়, সবাই মিলে নেওয়া। আর ওদের ক্রিস গেইল ছিল। রাজ ভাইকে (রাজ্জাক) নিলেও সে তো ছেড়ে দিত না। তা ছাড়া আমাদের রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) ভালো করছেন, নাসিরকে দিয়েও বল করানোর পরিকল্পনা ছিল। পরের ম্যাচে দেখা যাক কী করা যায়।’ সঙ্গে একজন ব্যাটসম্যান বেশি খেলানোর চিন্তাটা এখানে কাজ করেছে বলে জানালেন অধিনায়ক, ‘রাজ ভাইকে নিলে একটা ব্যাটিং অপশন কমে যায়। আমরা একজন ব্যাটসম্যান বেশি খেলাতে চেয়েছিলাম।’
২১৭ রান করে ৩৪ রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ৫টি উইকেট ফেলে দিলেও মুশফিকই জানালেন, বাংলাদেশের রণপরিকল্পনায় দ্রুত উইকেট নেওয়ার কোনো লক্ষ্য ছিল না। লক্ষ্য ছিল ওয়েস্ট ইন্ডিজের রান আটকে রাখা। কিন্তু মাত্র ২১৭ রানের পুঁজির পর এমন লক্ষ্য কতটা যৌক্তিক? আর পরিকল্পনায় না থাকলেও যখন ৫ উইকেট পড়েই গেল, তখন তো দরকার ছিল সেই চাপটা ধরে রাখার চেষ্টা করা। সেটি যে পারা যায়নি, তা স্বীকার করলেন মুশফিক, ‘প্রথমে আমাদের উদ্দেশ্য ছিল রান আটকে রাখা। যেন ওরা পরের দিকে চাপে পড়ে যায়। কিন্তু পরে যখন ওদের ৫ উইকেট পড়ে গেল, আমরা সেই চাপটা তাদের ওপর ধরে রাখতে পারিনি।’
দ্বিতীয় ওয়ানডের আগে দলের মধ্যে এসব নিয়েই আলোচনা। কেন ক্যারিরীয়দের অমন চাপে ফেলেও সেটি ধরে রাখা গেল না? এর আগে কেন ভালো একটা শুরুর পরও রানটা মাত্র ২১৭? এ রকম আরও অনেক ‘কেন’র ভিড়ে সবচেয়ে উঁচু করে মাথা তুলছে বাঁহাতি স্পিনার না খেলানোর অদ্ভুত সিদ্ধান্তটাই। গ্রেনাডিয়ান বাই রেক্সের বাতাসে কান পাতলে এ নিয়ে নানা রকম ফিসফাসই শোনা যাচ্ছে। তবে সিদ্ধান্তটা কার, সে ব্যাপারে প্রকাশ্যে কেউ কিছু বলছে না। সবার একটাই কথা—যা হওয়ার হয়ে গেছে। এখন সামনে তাকানোর পালা।
সেই সামনে তাকালে প্রথমেই দেখা যাচ্ছে আজ সিরিজের দ্বিতীয় ম্যাচটাকে। বহুপ্রতীক্ষিত জয় পেয়ে বাংলাদেশ কি এই ম্যাচে সিরিজে ফিরবে, নাকি স্বাগতিকদের আনন্দে ভাসিয়ে সেন্ট কিটসের শেষ ম্যাচটাকে কেবলই আনুষ্ঠানিকতা বানিয়ে দেবে, আপাতত অপেক্ষা সেই প্রশ্নের উত্তর জানার। তবে এই ম্যাচের আগে একটা জিনিস নিশ্চিত করেই বলে দেওয়া যাচ্ছে—বাঁহাতি স্পিনার ছাড়া আজ আর মাঠে নামছে না মুশফিকুর রহিমের দল।