পেরেরা-হারিকেনে লঙ্কার জয়
সনাৎ জয়াসুরিয়াকে আদর্শ মানেন। কাল পাল্লেকেলেতে কুশল পেরেরা পাকিস্তানের বোলারদের ওপর যেভাবে খড়্গহস্ত হলেন, তা যেন ‘মাতারা হারিকেন’কেই মনে করিয়ে দিচ্ছিল বারবার। মাত্র ১৭ বলে ৫০ করে কীর্তিতেও ছুঁয়ে ফেললেন শৈশবের নায়ককে। ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম পঞ্চাশের রেকর্ডে জয়াসুরিয়ার সঙ্গে লিখিয়ে নিলেন নিজের নামটিও। মজার ব্যাপার, ১৯৯৬ সালে ‘মাতারা হারিকেনে’র রেকর্ডটিও ছিল পাকিস্তানের বিপক্ষে।
পাকিস্তানের বেঁধে দেওয়া ২৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পেরেরা-দিলশান উদ্বোধনী জুটির ৮.২ ওভারের ঝড়ে ৯২ রান তোলে শ্রীলঙ্কা। পেরেরা আউট হওয়ার পর অবশ্য পথ হারাতে শুরু করে শ্রীলঙ্কার ইনিংস। উইকেট পড়তে থাকে নিয়মিত বিরতিতে। ইনিংস মেরামতের পাশাপাশি শ্রীলঙ্কাকে জয়ের রাস্তায় নিয়ে আসে চান্ডিমাল ও পাতিরানার দুটি সময়োপযোগী ইনিংস। উত্তেজনায় ঠাসা ম্যাচটিতে ৪৮ রানে অপরাজিত চান্ডিমালের ব্যাটে ভর করেই ১১ বল হাতে রেখে ২ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক আজহার আলীর দায়িত্বশীল ৭৯ রানের ইনিংসটিতে শক্ত ভিত্তি পায় পাকিস্তান। শেষ দিকে মোহাম্মদ রিজওয়ানের ৩৮ বলে ৫২ রানের কল্যাণে ২৮৭ রান তোলে পাকিস্তান।