যেন বুকের ওপর চেপে থাকা পাষাণভার নেমে গেল। এই পাঁচ মাস কতটা বিভীষিকার মধ্য দিয়ে গেছেন, সেটা কুশল পেরেরাই সবচেয়ে ভালো জানেন। ডোপ পরীক্ষায় উতরাতে ব্যর্থ হয়ে সাময়িক নিষেধাজ্ঞা পেয়েছিলেন গত ডিসেম্বরে। এই শাস্তির বিরুদ্ধে তখনই আবেদন করেছিলেন। পরশু আইসিসি জানাল, পেরেরার নমুনায় নিষিদ্ধ ওষুধের অকাট্য প্রমাণ পাওয়া যায়নি। তাঁর শাস্তিটাও তাই প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
গত ডিসেম্বরে দুঃসংবাদটা পেয়ে ফিরে আসতে হয় তাঁকে নিউজিল্যান্ড সফর থেকে। তখনই জানা গিয়েছিল, পেরেরার নমুনায় পারফরম্যান্স-বর্ধক ১৯-নরান্ড্রোস্টেনেডিয়ন পাওয়া গেছে। জুলাইতে পাকিস্তানের সঙ্গে আরব আমিরাত সফরে একটা পরীক্ষায় পাওয়া গিয়েছিল ওই নিষিদ্ধ ওষুধ। পেরেরা বারবারই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন। অবশেষে মুক্তির পর তাঁর প্রতিক্রিয়ায় তাই ধরা পড়ল স্বস্তিটাই, ‘আমি বারবার বলছিলাম আমি কোনো ডোপ নিইনি। এই কিছুদিন আমি ভয়ংকর মানসিক চাপের মধ্য দিয়ে গেছি। আমি খুবই খুশি যে ক্রিকেট বোর্ড ও সবাই আমার ওপর বিশ্বাস রেখেছে।’ এখন যত শিগগির সম্ভব আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান, ‘আমি অনুশীলন শুরু করতে চাই। যত শিগগির সম্ভব আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চাই।’
নিষিদ্ধ হয়ে যাওয়ায় শ্রীলঙ্কার হয়ে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি। ইংল্যান্ডের সঙ্গে সিরিজেও রাখা হয়নি এই উইকেটকিপার-ব্যাটসম্যানকে। সামনের জুলাইতে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে শ্রীলঙ্কা, পেরেরা ওই সিরিজকেই এখন পাখির চোখ করছেন।
তবে পেরেরার এই কলঙ্কমোচনের পর কাতারে বিশ্ব ডোপবিরোধী সংস্থার (ওয়াডার) যে গবেষণাগারে পরীক্ষাটি হয়েছিল, সেটির প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠে গেছে। আইসিসি সভাপতি ডেভ রিচার্ডসনও স্বীকার করেছেন সেটি, ‘এ ঘটনায় আইসিসি একটু বিব্রত, কারণ সত্যিটা হচ্ছে কাতারের গবেষণাগার এখন বিপরীত ফল দিয়েছে।’ ওয়াডার কাছে এরই মধ্যে ব্যাখ্যাও চেয়েছে আইসিসি। আইসিসির কাছে পেরেরার মামলার জন্য খরচ হওয়া ১ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।
কিন্তু পেরেরার জীবন থেকে যে পাঁচটা মাস হারিয়ে গেল, সেটা কে ফেরত দেবে? ক্রিকইনফো, রয়টার্স।